বাসা থেকে ডেকে নিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসা থেকে ডেকে নিয়ে রেজাউল করিম ওরফে রানা (৩৪) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার মোরসালিন মিয়ার বাসায় সপরিবারে ভাড়া থাকতেন রেজাউল। তিনি দুই সন্তানের জনক। গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বিল বিলাসে।
রেজাউলের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় রেজাউলকে কে বা কারা মুঠোফোনে ডেকে নিয়ে যায়। তিনি আর ফিরে আসেননি। গভীর রাতে তেঘরিয়া ইউনিয়নের বাগবাড়ি এলাকায় রাস্তার পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পুলিশ রাত দুইটার দিকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
রেজাউলের স্ত্রী ফাতেমা করিম বলেন, তাঁর স্বামী বিআরটিএর কার্যালয়ের যানবাহন-সংক্রান্ত কাজ করে দিতেন। কী কারণে কে বা কারা তাঁকে হত্যা করেছে তা তিনি বলতে পারছেন না।
এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রেজাউলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ মামলা করেছে।