বাসা থেকে ডেকে পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। তিনি পুলিশের সোর্স ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা।

নিহত কুতুব আলী (৩৫) টঙ্গীর আমতলী এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। আমতলী বাজারে তাঁর একটি জুতার দোকানও রয়েছে। বাড়ি ঢাকার নবাবগঞ্জের বাঘাদুয়ার এলাকায়। গতকাল ভোরে মুঠোফোনে বাসা থেকে ডেকে নিয়ে কুতুবকে কুপিয়ে, হাত-পায়ের রগ ও শ্বাসনালি কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কুতুব আলীর স্ত্রী নাসিমা বেগম বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর স্বামীর মুঠোফোনে একটি কল আসে। ফোনটা ধরেই কুতুব বাইরে যাচ্ছি বলে তাঁকে ঘরের দরজা বন্ধ করতে বলেন। এ সময়ে স্থানীয় মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন, জামাল উদ্দিনসহ কয়েকজন যুবককে তাঁদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর আর বাসায় ফেরেননি কুতুব।

নিহত ব্যক্তির চাচা আবদুল গফুর বলেন, সকাল ছয়টার দিকে তাঁরা খবর পান কুতুবকে টিঅ্যান্ডটি বাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ও পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক কুতুবকে মৃত ঘোষণা করেন।

পুলিশ লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, কুতুবের দুই হাত-পায়ের রগ ও আঙুল কাটা এবং মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর শ্বাসনালির কিছু অংশ কাটা ছিল।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, নিহত কুতুব টঙ্গী থানা-পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। মাদক ব্যবসায়ী ধরিয়ে দেওয়া, মাদক ব্যবসার টাকা অথবা অন্য কোনো ভাগ-বাঁটোয়ারা নিয়ে তাঁকে হত্যা করা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। নিহত ব্যক্তির স্ত্রী কয়েকজন সন্দেহভাজনের নাম বলেছেন। তাঁরা হত্যাকাণ্ডের পর থেকে পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ১০ দিনে টঙ্গীতে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে অন্তত তিনটি হত্যাকাণ্ড হলো। এরশাদ নগর এলাকায় ১৫ মে রাতে এলাকায় আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুজনকে হত্যা করা হয়েছিল।