বাসা থেকে ডেকে পুলিশের সোর্সকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে পুলিশের এক সোর্স খুন হয়েছেন। তাঁকে মুঠোফোনে বাসা থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার সকালে টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তির নাম কুতুব আলী (৩৫)। বাবার নাম মো. হাবিবুর রহমান। তাঁদের বাড়ি ঢাকার নবাবগঞ্জের বাঘাদুয়ার এলাকায়।

কুতুব তাঁর পরিবার-পরিজন নিয়ে টঙ্গীর আমতলী এলাকায় থাকতেন। সেখানে তাঁদের একটি জুতার দোকান আছে।

কুতুবের চাচা আবদুল গফুর বলেন, আজ ভোরে কে বা কারা কুতুবকে মুঠোফোনে বাসা থেকে ডেকে নেয়। টিঅ্যান্ডটি বাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আবদুল গফুরের ভাষ্য, কুতুবকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তারা তাঁর হাত-পায়ের রগ ও শ্বাসনালি কেটে দিয়েছে।

কুতুবের স্ত্রী নাসিমা বলেন, ভোর পাঁচটার দিকে তাঁর স্বামীর মুঠোফোনে একটি ফোন আসে। কথা শেষ হলে জরুরি কাজ আছে বলে বাসার বাইরে যান তিনি। এরপর আর বাসায় ফেরেননি। সকালের দিকে তাঁর খুন হওয়ার খবর পাওয়া যায়।

টঙ্গী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, কুতুব টঙ্গী থানার পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। এ কাজের জন্য তাঁকে সন্ত্রাসীরা হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।