বাসা থেকে বেরোনোর দুই ঘণ্টা পর শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরে বাসা থেকে বের হওয়ার দুই ঘণ্টা পর ছয় বছরের একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের চর সৈয়দপুর কড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটে। প্রণব বসু নামে এই শিশুটি সৈয়দপুরের বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
শিশুটির বাবা রাম বসু সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার রাতে তাঁরা গ্রামের বাড়ি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে ফেরেন। গতকাল বেলা তিনটায় প্রণব বাসা থেকে বের হয়। দুই ঘণ্টা পরও ফিরে না আসায় বিকেল পাঁচটার দিকে পরিবারের সদস্যরা প্রণবকে খুঁজতে বের হন। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তাঁরা বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের পেছনের দিকে একটি পরিত্যক্ত জায়গায় প্রণবের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
রাম বসু বলেন, প্রণবের নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল।
পরিবারের সন্দেহ, তাঁকে হত্যা করা হয়েছে। তবে কোনো সুনির্দিষ্ট অভিযোগ তাঁরা করতে পারেননি।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বলেন, প্রণব বসুর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মালেক।
অপহরণের ৩৯ দিন পর উদ্ধার: এদিকে জেলার ফতুল্লা উপজেলা থেকে দুই বছরের শিশুকে অপহরণের ৩৯ দিন পর গতকাল ভোরে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে অপহরণ করে বিক্রি করে দেওয়া হয়েছিল। অপহরণের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রংপুরের কোতোয়ালি থানা এলাকার পারভিন আক্তার ওরফে সোমা (২৮), তাঁর স্বামী মজনু মিয়া (৩৬), কুমিল্লা সদর দক্ষিণের দুর্গাপুর এলাকার আনোয়ার হোসেন (৩৫) ও জামান (৫৫)।
উদ্ধার হওয়া শিশুর পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল রাজ্জাক বলেন, কিশোরগঞ্জের বাজিতপুরের দাশাআটির দিলু মিয়া তাঁর স্ত্রী বিলকিস ও শিশুসন্তানকে নিয়ে ফতুল্লার আলীগঞ্জ এলাকার বস্তিতে বসবাস করে পাথর ভাঙার কাজ করেন। আলীগঞ্জের একই বস্তিতে কিছুদিন থেকে বসবাস শুরু করেন সোমা ও তাঁর স্বামী মজনু মিয়া।
গত ১০ জানুয়ারি বিকেলে আলীগঞ্জ এলাকায় দিলুর কর্মস্থল থেকে শিশু লিয়নকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করেন সোমা। পরে শিশুটিকে তাঁর শ্বশুরবাড়ি কুমিল্লার মুরাদনগরে নিয়ে যান। রাতে দিলু মিয়া ও তাঁর স্ত্রী বাড়ি ফিরে শিশু লিয়নকে আর খুঁজে পাননি। সোমা ও তাঁর স্বামীরও কোনো হদিস ছিল না।
অপহরণের এক দিন পর সোমার স্বামী মজনু মিয়া মুঠোফোনে মুক্তিপণ হিসেবে লিয়নের বাবা দিলুর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। পুলিশ বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কুমিল্লা থেকে সোমা ও তাঁর স্বামী মজনু মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা শিশুটিকে আনোয়ার ও জামান নামের দুই ব্যক্তির কাছে ছয় হাজার টাকায় বিক্রি করে দেন। পরে শুক্রবার সকালে পুলিশ কুমিল্লার দক্ষিণ থানার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশু লিয়নকে উদ্ধার করে এবং অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার ও জামানকে গ্রেপ্তার করা হয়।