বাসা থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরে বায়েজীদ বোস্তামী থানার শেরশাহ বাংলাবাজারের দিদার কলোনির একটি বাসা থেকে আজ মঙ্গলবার এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
নিহত শিশুটির নাম আজিম হোসেন (১১)। সে শেরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা আজাদ হোসেন রিকশাভ্যানে করে সবজি বিক্রি করেন। মা বিবি আমেনা পোশাকশ্রমিক। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। দিদার কলোনির তিনতলা ভবনের তৃতীয় তলায় একটি বাসায় ভাড়া থাকতেন তাঁরা। ওই বাসার বাসিন্দাদের বেশির ভাগই পোশাকশ্রমিক।
বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, শিশুটির মা-বাবা দুজনেই সকালে বাসা থেকে কাজে বেরিয়ে যান। নিহত শিশুটিও স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদের বাসার চাবি থাকে প্রতিবেশী রনি আক্তারের কাছে। দুপুরে শিশুটির বাবা বাসায় ফিরে দেখেন তাঁর ছেলের গলাকাটা লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। বিকেলে পুলিশ প্রতিবেশী রনি আক্তারকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি পুলিশকে জানান, ১০ দিন আগে শিশুটির বাসা থেকে একটি মুঠোফোন চুরি করে ধরা পড়েন। পরে মুঠোফোনটি ফেরত দেন এবং তিন হাজার টাকা জরিমানাও দেন। এটির প্রতিশোধ নিতে বাসায় শিশুটিকে একা পেয়ে খুন করেন।
ওসি জানান, এ ঘটনায় নিহত শিশুটির বাবা আজাদ হোসেন মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিশুর বাবা আজাদ হোসেন বলেন, ‘নতুন বই নিয়ে ছেলের স্কুলে যাওয়া আর হলো না। তার আগেই তাকে মেরে ফেলে। হত্যাকারীর শাস্তি চাই।’