বাসা ভাড়া নেওয়ার কথা বলে ডাকাতি
গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় গত রোববার সন্ধ্যায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে এক আয়কর কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়ির লোকজনকে মারধর করে দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
ঢাকা জোন-৪-এর কর পরিদর্শক মো. আলমগীরের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি বলেন, রোববার সন্ধ্যা সাতটার দিকে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ১০-১২ জন লোক তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। তারা ধাক্কা মেরে দরজা খুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের সবাইকে জিম্মি করে ফেলে। এরপর তাঁদের হাত-পা বেঁধে মারধর করে।
পরে ডাকাতেরা দেড় লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার, টিভি, ল্যাপটপ, মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে। এরপর এলাকাবাসী তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, তিনি ঘটনার কথা শুনেছেন। তবে কোনো অভিযোগ পাননি।