বাসা ভাড়া দিতে না পেরে আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় মো. হাশেম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি কয়েক মাসের বাসা ভাড়া দিতে না পারায় অপমানে তিনি আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলছে পারিবারিক অভাব-অনটনের কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছে।
হাশেম দুই সন্তান, স্ত্রী ও মাকে নিয়ে কামরাঙ্গীর চরের রংধনু ১ নম্বর গলির একটি তিনতলা ভবনের নিচতলায় থাকতেন। তিনি ঘুরে ঘুরে ক্রোকারিজের জিনিস বিক্রি করতেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে হাশেম সবার ছোট ছিলেন।
হাশেমের বড় ভাই কাশেম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাতে হাশেম বাড়িওয়ালা আবদুল বারেককে এক মাসের ভাড়া ৩ হাজার ৭০০ টাকা দিতে যান। কিন্তু বাড়িওয়ালা তাঁকে জানিয়ে দেন জমে থাকা তিন মাসের ভাড়া একসঙ্গে দিতে হবে। এ সময় বাড়িওয়ালা ও তাঁর সন্তানেরা গতকাল শুক্রবার সকাল আটটার মধ্যে এই টাকা দেওয়ার সময়সীমা বেঁধে দেন।
কাশেম বলেন, বাড়িওয়ালার সঙ্গে তর্কাতর্কি করে হাশেম দুই কক্ষের বাসার একটি কক্ষে রাত ১২টার দিকে ঢোকেন। অন্য কক্ষে তাঁর মা, স্ত্রী ও দুই সন্তান ছিল। একটু পর মা তাঁকে ডাকতে গেলে দরজা ধাক্কা দিয়ে দেখেন হাশেম ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। এরপর মা ও স্ত্রী মিলে তাঁকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কামরাঙ্গীর চর থানার ওসি শেখ মুহসীন আলম বলেন, পারিবারিক অভাব-অনটনের কারণে হাশেম আত্মহত্যা করেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, বাসা ভাড়া নিয়ে বাড়ির মালিকের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছিল বলে শুনতে পেরেছেন। কিন্তু এ কারণেই হাশেম আত্মহত্যা করেছেন এমনটা তাঁর পরিবার তাঁদের কাছে দাবি করেনি। পারিবারিক অভাব-অনটনের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে এখন পর্যন্ত তাঁরা জানতে পেরেছেন।