বাসা ভাড়া নেওয়ার কথা বলে...
বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করেছে ডাকাতেরা। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের দক্ষিণ পাহাড়তলী চৌধুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহকর্তা নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর ১২টার দিকে তাঁর স্ত্রী রিজিয়া বেগম ও পুত্রবধূ সোনিয়া বাসায় ছিলেন। বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেওয়ার কথা বলে বাসার দারোয়ান মো. মোবারককে নিয়ে চার যুবক বাসায় আসে। কিছুক্ষণ পর ওই যুবকেরা অস্ত্র বের করে মোবারককে বেঁধে ফেলে। পরে বাসার আলমারির চাবি নিয়ে আট ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ ও চারটি মুঠোফোন নিয়ে যায়। ডাকাতেরা বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। কিন্তু তার আগেই দুটি মোটরসাইকেলযোগে ডাকাতেরা পালিয়ে যায়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাঈল বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।