বাসা ভাড়া নেওয়ার কথা বলে ডাকাতি
গাজীপুর জেলা শহরের বরুদা এলাকায় গত সোমবার সন্ধ্যায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে একটি ফ্ল্যাটে ঢুকে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। ডাকাতেরা বাসার নিরাপত্তারক্ষী ও মালিকের স্ত্রীকে বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, মুঠোফোনসহ জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
ডাকাতির শিকার পরিবার সূত্র জানায়, ভাড়া নেওয়ার কথা বলে এক ব্যক্তি কয়েক দিন আগে তাদের ছয়তলা বাড়ির তৃতীয় তলায় বাসা দেখে যান। সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ওই ব্যক্তি ভাড়ার জন্য অগ্রিম টাকা দিতে আসেন। এ সময় তিনি মুঠোফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। কিছুক্ষণের মধ্যে সাত-আটজন লোক ফ্ল্যাটে প্রবেশ করেন। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতেরা বাড়ির মালিক শামসুল আলমের স্ত্রী কাজী রোকসানা পারভীনকে পিস্তল ও চাপাতি দিয়ে ভয় দেখিয়ে হাত ও মুখ বেঁধে ফেলে। তারা ঘরের আলমারি, ওয়ার্ডরোব, বিছানাপত্র তছনছ করে। ডাকাতেরা ড্রেসিং টেবিলের ভেতর থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, মুঠোফোন ও শাড়ি-জামাকাপড় লুট করে পালিয়ে যায়।
কাজী রোকসানা পারভীন বলেন, ডাকাতেরা চলে যাওয়ার পর তিনি কৌশলে বাঁধন খুলে নিচে নেমে দেখেন, বাড়ির নিরাপত্তারক্ষী আবদুর রহমান (৬৫) হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় গাড়ির গ্যারেজের কোণে পড়ে আছেন।
এ বিষয়ে জানতে চাইলে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।