বাসাবোয় এক ঘরে ভাইয়ের লাশ, অন্য ঘরে বোনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬) ও বিন মাহবুব আবরার (৭)
হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬) ও বিন মাহবুব আবরার (৭)

রাজধানীর উত্তর বাসাবোর বউ বাজার এলাকায় সাততলা একটি বাড়ির চিলেকোঠা থেকে ভাইবোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে ওই বাড়ির দুই ঘরে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে মা তানজির রহমান নিখোঁজ।
এরা হলো মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬)। তাদের বাবা মাহবুবুর রহমান ঢাকা ওয়াসার কর্মকর্তা। মাহবুবুর রহমানের বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মো. মারুফ হাসান সাংবাদিকদের বলেন, এই দুই শিশুর বাবা মাহবুবুর রহমান এশার নামাজ পড়তে বাইরে বের হয়েছিলেন। নামাজ শেষে বাড়িতে ফিরে শোয়ার ঘরে ছেলে মাশরাফি বিন মাহবুব আবরারের এবং অপর ঘরে মেয়ে হুমায়রা বিনতে মাহবুব তাকিয়ার লাশ দেখতে পান। সন্তানের মা তানজির রহমানকে বাসায় পাননি মাহবুবুর রহমান। এরপর তিনি পুলিশকে বিষয়টি জানান।
শেখ মো. মারুফ হাসান আরও বলেন, পুলিশ মনে করছে, শিশু দুটির হত্যার সঙ্গে মা জড়িত থাকতে পারেন। হত্যার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত কি না তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত শুরু হয়েছে। তাদের পারিবারিক ও পারিপার্শ্বিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। ডিবি, সিআইডি ঘটনা তদন্ত করছে।
মাহবুবুর রহমানের বড় বোন লায়লা নুর প্রথম আলোর কাছে দাবি করেন, তানজির রহমান মানসিক ভারসাম্যহীন। আট বছর আগে তার ভাইয়ের বিয়ে হয়। বিয়ের পর তারা বুঝতে পারেন যে তিনি (তানজির রহমান) মানসিক ভারসাম্যহীন। তাঁর চিকিৎসা চলছিল।