বাসায় অজ্ঞাত নারীর লাশ, ভাড়াটে উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের পাঠানটুলা এলাকার করেরপাড়ার একটি ভাড়া বাসা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মহানগরের জালালাবাদ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
প্রায় দুই মাস আগে ওই বাসাটি চার সদস্যের একটি পরিবার ভাড়া নিয়েছিল। ঘটনার পর থেকে ভাড়াটে পরিবারের কাউকে পাওয়া যায়নি। পুলিশের ধারণা, অজ্ঞাত নারী পরিবারের কেউ হবেন। তাঁকে পরিকল্পিতভাবে খুন করে অন্যরা পালিয়েছে। এ ঘটনায় ভাড়াটে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বাড়ির তত্ত্বাবধায়ক আবদুল কাদেরকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, করেরপাড়ার মোহনা বি-৩৮/১ নম্বর বাড়ির চতুর্থ তলায় চার সদস্যের পরিবারটি গত ফেব্রুয়ারিতে ভাড়া নেয়। চার সদস্যের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন। গত শুক্রবার বিকেলে বাড়ির তত্ত্বাবধায়ককে বেড়াতে যাওয়ার কথা বলে দুজন পুরুষ সদস্য বের হয়ে যান। রাতে তাঁরা ফেরেননি। গতকাল দুপুরে বাসার ভেতরে কোনো সাড়াশব্দ না পেয়ে তত্ত্বাবধায়ক কাদের বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ এলাকাবাসীকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর গলায় জখমের চিহ্ন দেখা গেছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসার তত্ত্বাবধায়ক কাদের পরিবারের এক সদস্যের নাম মিজান ও ঠিকানা নারায়ণগঞ্জ বলে জানিয়েছে। মিজানের খোঁজে নিতে তৎপরতা চলছে।