হাওরের ফসলরক্ষা বাঁধের দেড় কোটি টাকার তিনটি কাজ দেওয়ার জন্য সুনামগঞ্জ শহরে বাসায় ঢুকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীকে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওই প্রকৌশলী ও তাঁর স্ত্রী-সন্তানদের একটি কক্ষে আটকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে যান তাঁরা।
পাউবোর প্রকৌশলী সাঈদ আহম্মদের অভিযোগ, জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী সরণের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন তাঁর বাসায় গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তাঁরা ঘরে বসেই দেড় কোটি টাকার কাজ তাঁদের দেওয়ার জন্য চাপ দেন। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ছাত্রলীগের নেতা ফজলে রাব্বী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওই প্রকৌশলীর বাসায় যাইনি। সারা দিন দলের কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলাম। তবে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কিছু জুনিয়র কর্মী গিয়েছিলেন। তাঁরা বলে এসেছেন, হাওরের বাঁধের কাজে যেন কোনো অনিয়ম না হয়, তাঁকে লাঞ্ছিত করার অভিযোগ মিথ্যা।’ ফজলে রাব্বী সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম শাহানার ছেলে।
সাঈদ আহম্মদ জানান, তিনি সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকায় একটি বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া থাকেন। গতকাল সোমবার বিকেল পৌনে চারটার দিকে তাঁর বাসায় যান জেলা ছাত্রলীগের সভাপতিসহ ১৫ থেকে ২০ জন যুবক। তাঁরা ঘরে ঢুকেই তাঁকে নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকেন। তাঁরা জানতে চান, হাওরের ফসলরক্ষা বাঁধের সাড়ে চার কোটি টাকার নয়টি কাজের কার্যাদেশ তাঁদের না জানিয়ে কেন দেওয়া হয়েছে। একপর্যায়ে তাঁদেরকে দেড় কোটি টাকার তিনটি কাজ তাৎক্ষণিক দিয়ে দিতে চাপ দেন। তিনি নিয়মের বাইরে কাজ দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে মারধর করতে উদ্যত হন যুবকেরা। তখন তাঁর স্ত্রী-সন্তানেরা এগিয়ে এলে নেতা-কর্মীরা তাঁকে ধাক্কাতে থাকেন। এরপর সবাইকে একটি কক্ষে আটকে রেখে সেটি বাইরে থেকে বন্ধ করে চলে যান তাঁরা। হুমকি দিয়ে যান, ঘরের বাইরে বের হলে তিনি ও তাঁর স্ত্রী-সন্তানদের দেখে নেওয়া হবে।
সাঈদ আহম্মদ বলেন, ‘আমি কল্পনাও করতে পারিনি বাসায় এভাবে আক্রমণের শিকার হব। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ সুপার বলেছেন থানায় লিখিত অভিযোগ দিতে। আমি সেই প্রস্তুতি নিচ্ছি।’ সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ওই প্রকৌশলীর বাসায় গিয়ে তাঁর সঙ্গে কথা বলে এসেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’