বাসার ওয়ারড্রোবে ব্যক্তির লাশ, স্ত্রী আটক
রাজধানীর কল্যাণপুরে একটি বাসার ওয়ারড্রোব থেকে মোহাম্মদ সালাউদ্দিন মাল (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ব্যক্তির স্ত্রীকে আটক করেছে পুলিশ।
আমাদের ঢাকা মেডিকেলের সংবাদদাতা জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের ভাষ্য, লাশটি লেপ ও চাদর দিয়ে মুড়ে ওয়ারড্রোবের ভেতরে রাখা ছিল। মাথা নিচে ও পা ওপরের দিকে করে লাশটি ভাঁজ করা ছিল। লাশের শরীরে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এসআই রফিকুল ইসলাম জানান, আটক স্ত্রী লাবণী অভিযোগ করেছেন, ছয় মাস আগে স্বামী গোপনে আরেকটি বিয়ে করেছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
নিহত সালাউদ্দিনের চাচাতো ভাই মুরাদ জাহানের ভাষ্য, ১৩ বছর আগে সালাউদ্দিনের সঙ্গে লাবণীর বিয়ে হয়। তাঁদের দুটি মেয়ে রয়েছে। একজনের বয়স সাত বছর ও আরেকজনের চার। সালাউদ্দিনের দ্বিতীয় বিয়ে নিয়ে পরিবারে অশান্তি চলছিল। গত মঙ্গলবার দুপুরে সালাউদ্দিনের মা পারভীন আক্তার তাঁদের বাড়ি যান। সেখানে গিয়ে তিনি লাবণীকে বিষয়টি মীমাংসা করবেন বলে জানান। ওই দিন রাতেই সালাউদ্দিনকে হত্যা করা হয়।
নিহত সালাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে কি না—জানা যায়নি। সালাউদ্দিনের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়।