
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ–বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামকে (৫১) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরে রাজশাহী নগরের চৌদ্দপায় এলাকায় তাঁর বাসার কাছে এ ঘটনা ঘটে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে সম্পর্কে পুলিশ গতকাল রাত পর্যন্ত কিছু বলতে পারেনি।
এ ঘটনায় গত রাতে দুজনকে আটক করা হয়েছে বলে জানান নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন। তবে তাদের নাম বা কোথা থেকে আটক করা হয়েছে, তা তিনি জানাননি।
এর আগে গত এক দশকের মধ্যে ওই বিশ্ববিদ্যালয়ের আরও দুজন শিক্ষক দুর্বৃত্তদের হাতে প্রাণ হারান। ২০০৪ সালে কুপিয়ে হত্যা করা হয় অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে। আর ২০০৬ সালে খুন হন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের।
অধ্যাপক শফিউল হত্যার প্রতিবাদে আজ রোববার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে বলেন, হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পরে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যা সোয়া ছয়টা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাজশাহী-নাটোর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় রাস্তার দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান সেখানে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে অবরোধ তুলে দেন।
নিহত শিক্ষক শফিউলের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুরে। তিনি রাজশাহী নগরের চৌদ্দপায় ভাড়া বাসায় থাকতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে শফিউল ইসলাম ও তাঁর স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়। তাঁদের একমাত্র ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। বাসায় একাই থাকতেন শফিউল।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আফসার উদ্দিন জানান, শফিউল ইসলাম ছিলেন বাউল প্রকৃতির। দোতারা শিখতেন। বাসায় গানের আসর বসাতেন।
বিভাগীয় সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধ্যাপক শফিউল মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের একজন সদস্য ছিলেন। আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্যানেল থেকে তিনি একাধিকবার শিক্ষক সমিতির বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনেট ও বিভাগীয় সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
নিহতের সহকর্মী এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, তাঁরা গতকাল একই সঙ্গে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একটি সভা শেষে বেলা দুইটার দিকে শফিউল ইসলাম তাঁর মোটরসাইকেলে করে বাসার উদ্দেশে রওনা হন। এর আধা ঘণ্টার মধ্যে তিনি শফিউলের ওপর হামলার খবর পান।
ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় শফিউলকে উদ্ধার করেন তানভীর হোসেন নামের একজন ইজিবাইক চালক। তাঁর বাড়ি নগরের ডাঁশমারী এলাকায়। তানভীর বলেন, তিনি নিয়মিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আনা-নেওয়া করেন। এ জন্য ওই এলাকায় যেসব শিক্ষক থাকেন, তাঁদের প্রায় সবাইকে চেনেন। তিনি অপর একজন শিক্ষককে বাসায় নামিয়ে দিয়ে ফিরছিলেন। তখন দেখেন, লোকজন শিক্ষক শফিউলকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তিনি তখন মোটরসাইকেল ধরে দাঁড়িয়ে ছিলেন। তাঁর সারা গায়ে রক্ত। তিনি কিছুতেই মোটরসাইকেল ছাড়ছিলেন না। হাতে মুঠোফোনও ছিল।
তানভীর বলেন, ‘স্যারকে ধরতে গেলে তিনি শুধু একটি কথা বলেন, “আমার কী হয়েছে? তুমি কে?” আর কোনো কথা বলতে পারেননি।’ এরপর তিনি শিক্ষক শফিউলকে তাঁর ইজিবাইকে তোলার চেষ্টা করেন। কিন্তু একা পারছিলেন না। তিনি ডাকলেও কেউ এগিয়ে আসেননি। প্রায় আধা ঘণ্টা পর একজন রিকশাচালকের সহায়তায় তিনি শিক্ষক শফিউলকে ইজিবাইকে তোলেন।
তানভীরের ভাষ্য, তিনি শিক্ষক শফিউলকে নিয়ে নগরের বিনোদপুরে র্যাব-৫-এর সদর দপ্তরের কাছে পৌঁছালে র্যাব সদস্যরা তাঁদের দেখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফোন করেন। তখন বিশ্ববিদ্যালয় থেকে গাড়ি পাঠানো হয়। সেই গাড়িতে করে বেলা সোয়া তিনটার দিকে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছার পর শিক্ষক শফিউলকে দ্রুত অস্ত্রোপচার কক্ষে নেওয়ার সময় তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তখন তাঁকে অস্ত্রোপচার না করে দ্রুত নিবিড় পরিচর্যাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, শফিউলের মাথায় অনেকগুলো জখম ছিল। মগজ বেরিয়ে এসেছিল। অতিরিক্ত রক্তক্ষণ হয়েছে। এসব কারণে তাঁর মৃত্যু হয়েছে।
বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাজশাহী-নাটোর মহাসড়কে পুলিশের গাড়ি। মহাসড়ক থেকে দক্ষিণ দিকে মাটির রাস্তা ধরে ২০০ গজের মতো এগোতেই দেখা গেল, ঘাসের ওপর রক্ত। তার পাশেই শফিউল ইসলামের মোটরসাইকেলটি। পুরো মোটরসাইকেল রক্তে ভেজা। পুলিশ ও র্যাব কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখছেন। মাটির রাস্তাটির পূর্ব পাশে রয়েছে একটি বাড়ির প্রাচীর ও পশ্চিম পাশে ঝোপঝাড়।
ঘটনাস্থল থেকে ৫০ গজের মতো দক্ষিণে একতলা বাড়িতে ভাড়া থাকতেন শফিউল ইসলাম। এই বাড়ির প্রাচীরের পর থেকেই বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির (বিহাস) এলাকা শুরু।
ঘটনাস্থলের পাশের বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে ওই বাড়ির গৃহিণী রাশেদা বেগম প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে তাঁরা দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় তাঁরা বাইরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। তবে কোনো চিৎকার-চেঁচামেচি শোনেননি। পরে জানালা খুলে তিনি দেখেন, অধ্যাপক শফিউল মাটিতে পড়ে আছেন। তাঁর সারা শরীরে রক্ত। মোটরসাইকেলটিও পড়ে আছে মাটিতে। তিনি এই দৃশ্য দেখে বাড়ির বাইরে বের হয়ে মূল রাস্তায় গিয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। এ সময় শিক্ষক শফিউলের জ্ঞান ছিল। একপর্যায়ে তিনি নিজেই মোটরসাইকেলটি দাঁড় করানোর চেষ্টা করেন।
রাশেদা বেগম জানান, শফিউল ইসলাম প্রতিদিন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হতেন। আবার মোটরসাইকেলে ফিরে আসতেন। এর বাইরে তাঁকে খুব একটা দেখা যেত না। মাঝেমধ্যে বাড়িতে গানের আসর বসাতেন।
ঘটনাস্থলে থাকা রাজশাহী নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করেছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তিনি একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, দুই যুবক চাপাতি দিয়ে অধ্যাপক শফিউলকে কুপিয়েছে।
প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ: অধ্যাপক শফিউল হত্যার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। তাতে বক্তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার ও হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মিজানউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ইউনুসের যে হত্যাকাণ্ড দেখেছি, আজও তার কোনো কূলকিনারা হয়নি। আমাদের প্রত্যাশা, অধ্যাপক শফিউলকে যেভাবে হত্যা করা হয়েছে, তা যেন উদ্ঘাটিত হয়। দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।’
রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শফিউল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামের বাড়িতে তাঁর দাফন করার কথা রয়েছে।