বাসার পাশে খুন হন যুবকটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাচাতো ভাইকে হাসপাতালে ভর্তি করিয়ে ভোরে বাসায় ফিরছিলেন মো. ইমন (২৬) নামের এক যুবক। বাড়ির পাশের গলিতে ছুরিকাঘাতে খুন হন তিনি। আজ শনিবার ভোরে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার সুপারি ওয়ালাপাড়া আবদুল গফুর সওদাগরের বাড়ির পাশের গলিতে এ ঘটনা ঘটে।

নিহত ইমন (২৬) সুপারি ওয়ালাপাড়ার আবদুল হালিমের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। পরিবারের দাবি, লেদ মেশিনের ওয়ার্কশপে কাজ করতেন তিনি। তবে পুলিশের দাবি, তিনি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সেলিম বলেন, ‘ইমনকে যারা খুন করেছেন, তাঁরা একই চক্রের বলে আমাদের কাছে খবর রয়েছে। অর্থ ভাগ-বাঁটোয়ারা সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে খুন করা হতে পারে। আমরা এই ঘটনায় সম্পৃক্ত তিনজনের নাম পেয়েছি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইমনের চাচাতো ভাই মো. নিহান (১৫) রাতে বিষপান করে। ইমনসহ স্বজনেরা তাকে নিয়ে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। হাসপাতালে তাকে ভর্তির করার পর ভোরের দিকে ইমন চাচাতো ভাই আবদুল্লাহ আল নোমানসহ বাসায় ফিরছিলেন। বাসার কাছেই তিনি হামলার শিকার হন।

সঙ্গে থাকা ইমনের চাচাতো ভাই আবদুল্লাহ আল নোমান আজ শনিবার সকালে বলেন, ‘রিকশা থেকে নেমে বাসার দিকে যাওয়ার সময় ১০-১৫ জনের একটি দল আমাদের ওপর হামলা চালান। কয়েকজন মুখোশধারী ছিলেন। আমি দৌড়ে পালাতে পারলেও ইমন পালাতে পারেননি।’ তিনি তিন সন্ত্রাসীকে চিনতে পেরেছেন বলে দাবি করেন।

ছুরিকাঘাতে আহত ইমনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর ডান পায়ের ঊরুতে একটি ছুরিকাঘাত করা হয়। এতেই তাঁর মৃত্যু হয় বলে জানান সুরতহালকারী পুলিশের উপপরিদর্শক মাসুদুর রহমান।

ইমন মারা যাওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিহানও মারা যায়। ইমনদের সুপারি ওয়ালাপাড়ার বাড়িতে এখন মাতম। মা সাহেদা বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন। নিহতের ছোট ভাই মো. নাইম নগরের চৌমুহনীর মোড়ে একটি ওষুধের দোকানে চাকরি করেন। তিনি বলেন, ভাই ওয়ার্কশপে কাজ করতেন। কারও সঙ্গে বিরোধের বিষয়টি তাদের জানা নেই।

ওসি মহিউদ্দিন সেলিমের ভাষ্য, ইমনের বিরুদ্ধে চুরি-ছিনতাইয়ের মামলা আছে। তাঁর খুনিরা একই গ্রুপের সদস্য।