
রাজধানীর উত্তর বাসাবোর বউবাজার এলাকার একটি বাড়ির চিলেকোঠা থেকে ভাইবোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ওই ঘরের দুটি কক্ষ থেকে দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তাদের মায়ের সন্ধান পাওয়া যাচ্ছে না।
তারা হলো মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬)। তাদের বাবা মাহবুবুর রহমান ঢাকা ওয়াসার কর্মকর্তা। মাহবুবুর রহমানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। শিশু দুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত বলে স্বজনেরা জানিয়েছেন। মা তানজিন রহমান গৃহিণী। তাঁর বাবার বাড়ি খিলগাঁওয়ের বাগিচা এলাকায়।
গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রী এলাকায় হত্যার শিকার হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইস্কাটন শাখার সপ্তম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান অরণী (১৪) এবং তার ছোট ভাই হলি (ইন্টারন্যাশনাল) ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র আলভী আমান (৬)।
গতকালের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মো. মারুফ হাসান সাংবাদিকদের বলেন, মাহবুবুর রহমান সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়েছিলেন। নয়টার দিকে ফিরে শোবার ঘরে ছেলে মাশরাফি এবং অপর ঘরে মেয়ে হুমায়রার গলাকাটা লাশ দেখতে পান। স্ত্রীকে ওই সময় বাসায় পাননি বলে মাহবুবুর রহমান জানিয়েছেন। এরপর তিনি পুলিশকে বিষয়টি জানান। হত্যাকাণ্ডটি সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটার মধ্যে হয়েছে বলে পুলিশের ধারণা।
শেখ মো. মারুফ হাসান আরও বলেন, শিশু দুটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত কি না, তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত শুরু হয়েছে। তাদের পারিবারিক ও পারিপার্শ্বিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। ডিবি, সিআইডি ঘটনা তদন্ত করছে। বাসায় একটি চাপাতি পাওয়া গেছে। তবে এই চাপাতি দিয়েই হত্যা করা হয়েছে কি না, তা নিশ্চিত নয়।
রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ষড়ঋতু নামের বাসাটি সাততলা। একেবারে ওপরের তলার দুই কক্ষবিশিষ্ট চিলেকোঠা। এখানেই মাহবুব তাঁর পরিবার নিয়ে থাকেন। সাত–আট মাস আগে তাঁরা বাড়িটিতে ওঠেন। ঘটনার পর থেকে পুলিশ বাড়িটিতে কাউকে ঢুকতে দিচ্ছে না। এলাকার লোকজন ঘটনাস্থল ও আশপাশের ভবনের বারান্দায় ভিড় করেন।
ঘটনা জানতে পেরে মাহবুবুর রহমানের বড় বোন লায়লা নুর এসেছেন নারায়ণগঞ্জ থেকে মেয়ে তাহমিনা তাবাসসুমকে সঙ্গে নিয়ে। পাশের বাসার নিচে সিঁড়িতে বসে কাঁদছিলেন দুজনই। লায়লা নূর প্রথম আলোর কাছে দাবি করেন, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে তানজিন ও মাহবুবের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা বুঝতে পারেন, তিনি (তানজিন রহমান) মানসিক ভারসাম্যহীন। তিনি যখন অসুস্থ হতেন, তখন কারও সঙ্গে কথা বলতেন না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন। খাওয়াদাওয়া করতেন না। তাঁর চিকিৎসা চলছিল।
লায়লা বলেন, গতকাল দুপুরেও মাহবুব তাঁকে ফোন দিয়েছিলেন কোরবানির বিষয়ে। তখন তিনি বউ-বাচ্চা কেমন আছে জিজ্ঞেস করেন। সবাই ভালো আছে বলে জানান মাহবুব।
লায়লা বলেন, ‘বাচ্চা দুটো অন্যান্য বাচ্চার চেয়ে শান্ত ছিল। মাশরাফি একটি মাদ্রাসায় হাফেজি পড়ত। হুমায়রা পড়তে আলিয়া লাইনে।’