বাসার সামনেই বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে পালাল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহত হওয়ার পর শামীম হোসেন হাসপাতালে ভর্তি হয়েছেন। ছবি: প্রথম আলো
আহত হওয়ার পর শামীম হোসেন হাসপাতালে ভর্তি হয়েছেন। ছবি: প্রথম আলো

জয়পুরহাটের আক্কেলপুরে শামীম হোসেন (২৮) নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর সদরের হাজিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

শামীম হোসেন একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাদেকুর রহমানের জামাতা।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমনা রানী বসাক প্রথম আলোকে জানান, শামীম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তাঁর মাথা, হাত ও পিঠে ছয়টি ক্ষতের চিহ্ন রয়েছে।

স্থানীয় লোকজন জানান, শামীম হোসেন ভারগো ফার্মাসিটিক্যাল নামে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি পৌর সদরের হাজিপাড়া মহল্লার মামুন হোসেনের বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। আজ রাত সাড়ে সাতটার দিকে তিনি বাসায় ফিরছিলেন। তিনি বাসার সামনে আসা মাত্রই পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাঁকে অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

শামীম হোসেনের প্রতিবেশী ফরিদা পারভিন জানান, শামীমের চিৎকারে তাঁরা বাসায় থেকে বের হয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় পড়ে আছেন। তাঁরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন শামীম হোসেন বলেন, ‘দুজন লোক বাসার সামনে দাঁড়িয়ে ছিল। বাসায় ঢোকার আগেই রাস্তার পাশ থেকে মুখে কাপড় বাঁধা আরও তিনজন লোক এসে আমাকে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।’ এদের মধ্যে দুজনকে চিনতে পেরেছেন বলে তিনি দাবি করেন।

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার রায় প্রথম আলোকে বলেন, কী কারণে, কারা শামীমকে কুপিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল।