বাসায় ক্ষুদ্র ব্যবসায়ীর গলা কাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারার নয়ানগর এলাকার একটি বাসা থেকে গতকাল শুক্রবার সকালে এক ক্ষুদ্র ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যবসায়ীর নাম মো. শাহীন আলম (৩৫)। তিনি বাড্ডার নতুন বাজার এলাকার ফুটপাতে প্রসাধনসামগ্রী বিক্রি করতেন। তাঁর গ্রামের বাড়ি নীলফামারী সদরের বাড়াইপাড়ায়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকীন প্রথম আলোকে বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, নয়ানগরের মিষ্টির গলিতে জনৈক সুমনের বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন শাহীন আলম। পাশের ঘরে থাকেন তাঁর ভাই সরকারি তিতুমীর কলেজের ছাত্র আবদুর রাজ্জাক। বৃহস্পতিবার রাতে রাজ্জাক বাসায় ছিলেন না। সাহ্রির সময় ফিরে তিনি ভাইকে ডাকতে যান। এ সময় বিছানায় গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন। তিনি চিৎকার করে উঠলে আশপাশের লোকজন এগিয়ে যান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।
নিহত ব্যক্তির বড় ভাই রবিউল আলম বলেন, ব্যবসার পাশাপাশি সুদের কারবার করতেন শাহীন। বিভিন্নজনকে তিনি সুদে প্রায় সাত লাখ টাকা ধার দিয়েছিলেন। টাকার সুদ আদায় নিয়ে বিরোধের জের ধরে কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে মনে করছেন তিনি।
ওসি বলেন, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার ব্যাপারে এরই মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামিদের শনাক্ত করতে তাঁরা কাজ শুরু করেছেন।