বাসায় ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা
রাজধানীর দক্ষিণখানের গাওয়াইর এলাকার একটি বাসায় ঢুকে গতকাল বুধবার রাতে ওয়াহিদা আক্তার (৪৮) নামের এক গৃহবধূকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র বলেছে, ওয়াহিদা ৭১৫/২ দক্ষিণ গাওয়াইরে ছয়তলার বাড়ির মালিক। তিনি সপরিবারে তৃতীয় তলায় থাকেন। সন্ধ্যায় দুই যুবক তৃতীয় তলায় এসে কলবেল বাজায়। এ সময় ওয়াহিদা ভেতর থেকে দরজা খুলে দিলে ওই দুই যুবক বাসা ভাড়া দেওয়া হবে কি না জানতে চান। তখন ওয়াহিদা বলেন, ছয়তলার একটি ফ্ল্যাট খালি আছে। চলেন দেখিয়ে নিয়ে আসি। কথা শেষ না হতেই যুবকেরা তাঁকে ঠেলে ভেতরে নিয়ে ছিটকিনি লাগিয়ে দেয়। দুর্বৃত্তেরা দুই সন্তানের সামনে ওয়াহিদাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে ওই বাড়ির ভাড়াটেরা ছুটে আসেন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে তাঁকে নেওয়া হয়। ওই হাসপাতাল থেকে রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদাকে মৃত ঘোষণা করেন।
ওয়াহিদার দেবর ইলিয়াস মজুমদার হাসপাতালে রাতে প্রথম আলোকে বলেন, পাশের বাড়িটি তার। কিন্তু তিনি ঘটনার সময় হজরত শাহজালাল বিমানবন্দরে তার কর্মস্থলে ছিলেন। ফোন পেয়ে দ্রুত বাসায় এসে দেখেন তার ভাবি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থেকে গোঙাচ্ছেন। পরে তিনি তাঁকে হাসপাতালে নিয়ে যান।
ইলিয়াস মজুমদার ঘটনাটি ডাকাতি বলে মনে করছেন। তিনি বলেন, দুর্বৃত্তেরা তার ভাবিকে আহত করে তার হাতের স্বর্ণের চুড়ি, কানের দুল ও গলার চেন নিয়ে গেছে। তবে ইলিয়াসের পাশে থাকা তাদের এক নারী আত্মীয় বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) শেখ রোকনুজ্জামান রাতে প্রথম আলোকে বলেন, ওয়াহিদার বড় মেয়ে বাইরে থেকে এসে সিঁড়িতে ওঠার সময় হামলাকারীদের সঙ্গে দেখা হয়। কিন্তু মেয়ে কিছু বুঝতে পারেননি। তিনি দাবি করেন, ঘটনাটি ডাকাতি মনে হচ্ছে না। এটা নতুন ধরনের অপরাধ। এর আগেও দক্ষিণখান এলাকায় এ রকম আরেকটি ঘটনা ঘটেছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ওয়াহিদার স্বামী সোহরাব হোসেন কাতার প্রবাসী। সম্প্রতি তিনি সেখান থেকে দেশে ফিরেছেন। কয়েক দিন আগে গ্রামের বাড়ি কুমিল্লায় গেছেন। তাদের দুই মেয়ে এক ছেলে রয়েছে।