খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকায় বাসার ভেতর ঢুকে ইতি চাকমা (১৮) নামের এক কলেজছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তাঁর কলেজের শিক্ষার্থীরা।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছনখোলা গ্রামের মৃত অন্তরিন্দ্রীয় চাকমার মেয়ে ইতি চাকমা। গত সোমবার রাত নয়টার দিকে জেলা শহরের শান্তিনগরের আরামবাগ এলাকার বাসা থেকে পুলিশ তাঁর গলা কাটা লাশ উদ্ধার করেছে।
ইতির ভগ্নিপতি অটল চাকমা বলেন, শ্যালিকা ইতিসহ তাঁরা ছয় মাস আগে শান্তিনগরের একটি ভাড়া বাসায় ওঠেন। সোমবার বিকেলে বাসা থেকে বের হয়ে রাত সাড়ে নয়টায় ফিরে বাসার দরজা খোলা দেখেন। ভেতরে গিয়ে দেখেন ইতি রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর পড়ে রয়েছেন।
ইতির বোন স্কুলশিক্ষিকা জোনাকি চাকমা বলেন, তিনি দীঘিনালায় শিক্ষকতা করেন। প্রতি শনিবার সেখানে যান ও বৃহস্পতিবার খাগড়াছড়ি আসেন। কলেজে পড়ালেখার জন্য তাঁর ছোট বোন ইতি তাঁদের বাসায় থাকতেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত দা-সহ পুলিশ বেশ কিছু আলামত জব্দ করলেও তাঁর মুঠোফোনটি পায়নি। বোনকে হত্যার ঘটনায় ইতির বড় বোন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডের সূত্র সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানতে পারেনি।
বিক্ষোভ-মিছিল, সমাবেশ
ইতি হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল-সমাবেশ করেছেন। গতকাল কলেজমাঠ থেকে তাঁরা মিছিল বের করে খাগড়াছড়ি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শাপলা চত্বরের মুক্ত মঞ্চে এসে সমাবেশ করেন।
ইতি হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন, খাগড়াছড়ি পৌরসভার মধ্যে বাসায় ঢুকে কলেজছাত্রীকে এভাবে গলা কেটে হত্যার ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের খুঁজে বের করা প্রশাসনের দায়িত্ব। এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের জন্য সরকারের প্রতি দাবি জানান তাঁরা। বক্তারা ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।