বাসায় ঢুকে নারীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুরে বাসায় ঢুকে এক নারীকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে সাবরিনা সুলতানা (৪৫) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
স্বজনদের অভিযোগ, সাবরিনাকে যখন ঘরের ভেতর পেটানো হচ্ছিল, তখন তাঁরা কাফরুল থানার পুলিশকে ফোন করে সাহায্য চাইলেও পুলিশ সাড়া দেয়নি।
ইব্রাহিমপুরে একটি ছয়তলা বাড়ির ষষ্ঠতলার একটি বাসায় সাবরিনা থাকতেন। তিনি কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধিতার শিকার ছিলেন বলে স্বজনেরা বলেছেন। তাঁকে কারা, কেন হত্যা করেছে, সে সম্পর্কে তাঁরা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
সাবরিনার বোনের স্বামী হাফিজুর রহমান বলেন, সাবরিনার বাবা মৃত ডা. নুরুল হক। বাবার তৈরি করা বাড়ির ছয়তলার দুই কক্ষের একটি বাসার এক কক্ষে থাকতেন সাবরিনা। পাশের কক্ষ এক নারীকে ভাড়া দেওয়া হয়েছে। গতকাল রাত পৌনে আটটার দিকে সাবরিনার কক্ষ থেকে চিত্কারের শব্দ পেয়ে ছয়তলার এক ভাড়াটে ফোনে স্বজনদের ঘটনাটি জানান।
নিহত সাবরিনার বোন রোজিনা সুলতানা বলেন, সাবরিনাকে ঘরে ঢুকে কারা যেন মারধর করছে—ফোনে এ খবর পেয়ে তিনি তাৎক্ষণিক কাফরুল থানায় ফোন করে সাহায্য চান। কিন্তু পুলিশ সাড়া দেয়নি। থানা থেকে বলা হলো থানায় গিয়ে রিপোর্ট লেখাতে। তারপর তারা পুলিশ পাঠাবে।
পরে পুলিশ ও স্বজনেরা বাসায় ঢুকে সাবরিনার রক্তাক্ত নিথর দেহ দেখেন। রাত সাড়ে ১০টার দিকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগের বিষয়ে কাফরুল থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. বায়েজিদ বলেন, ‘আমি মাত্র এসেছি, আমাকে কেউ কিছু বুঝিয়ে দিয়ে যায়নি। আপনি ওসি স্যারের সঙ্গে কথা বলেন।’
তবে ফোনে বারবার চেষ্টা করা হলেও কাফরুল থানার ওসির সঙ্গে যোগাযোগ করা যায়নি।