বাসায় ঢুকে ভাঙচুর ও মারধরের অভিযোগ
পারিবারিক শত্রুতার জেরে রাজশাহীতে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের বুলনপুর ঘোষপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাজ্জাদ হোসেন অভিযোগ করেন, তাঁর চাচা জামিরুল ইসলাম, ফুপাতো ভাই রবিনসহ চার-পাঁচজন হঠাৎ তাঁর বাসায় ঢুকে পড়েন। এরপর তাঁরা লোহার পাইপ দিয়ে টিভি, রেফ্রিজারেটর, বেসিন, টাইলসসহ বাসার বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। এতে বাধা দিতে গেলে তাঁকে (সাজ্জাদ হোসেন), তাঁর মা হোসনে আরা ও নানি রাজিনা বেগমকে পাইপ দিয়ে আঘাত করা হয়। হোসনে আরাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুঠোফোন বন্ধ পাওয়ায় এ অভিযোগের বিষয়ে জামিরুল ইসলামের সঙ্গে কথা বলা যায়নি। আর রবিন কথা বলতে অস্বীকৃতি জানান।
শহরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, দুই ভাই (জামিরুল ইসলাম ও সাজ্জাদ হোসেনের বাবা) একই বাড়িতে বসবাস করে নিজেদের মধ্যে মারামারি করেছেন। দীর্ঘদিন ধরে তাঁরা নিজেদের মধ্যে মারামারি ও মামলা-মোকদ্দমা করছেন। মীমাংসা করে দিয়েও কাজ হচ্ছে না। দুই পক্ষকেই অভিযোগ দিতে বলা হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।