বাসায় ঢুকে সাংসদ মনজুরুলকে গুলি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন আজ শনিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাংসদের স্ত্রী ফোন করে তাঁর গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি পুলিশকে জানান। পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য, আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে অজ্ঞাতনামা তিন যুবক একটি মোটরসাইকেলে করে সাংসদের সুন্দরগঞ্জের বামনডাঙ্গার বাড়িতে যান। একজন মোটরসাইকেলে বসে ছিলেন। বাকি দুজন সাংসদের বাড়ির বৈঠকখানায় যান। সাংসদ বৈঠকখানায় ছিলেন। এ সময় তিনটি গুলির আওয়াজ পাওয়া যায়। এর পরপরই দুজন দ্রুত বৈঠকখানা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাংসদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাংসদের ডান হাতে দুটি ও বুকের ডান পাশে একটি গুলি লেগেছে।
সুন্দরগঞ্জের শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলার আসামি সাংসদ মনজুরুল। বর্তমানে তিনি জামিনে আছেন।
২০১৫ সালের ২ অক্টোবর সকালে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের বাড়ির পাশের সড়কে চাচার সঙ্গে হাঁটতে বের হয় শাহাদাত। তখন সে সাংসদের গুলিতে আহত হয়। এই ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক আন্দোলন হয়। ৩ অক্টোবর রাতে শাহাদাতের বাবা সাজু মিয়া হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে সাংসদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। ওই দিনই সন্ধ্যায় সাংসদ তাঁর আত্মীয়ের মাধ্যমে দুটি অস্ত্র থানায় জমা দেন। ৬ অক্টোবর রাতে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে উপজেলার উত্তর শাহবাজ গ্রামের হাফিজার রহমান মণ্ডল বাদী হয়ে সাংসদকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে একই থানায় আরেকটি মামলা করেন। ১৪ অক্টোবর রাতে গ্রেপ্তার হন তিনি। পরে তিনি জামিন পান।
আরও পড়ুন: