বাসায় ঢুকে হামলা, বাবা-ছেলে আহত
রাজধানীর হাজারিবাগ থানা এলাকায় আজ শনিবার বিকেলে বাসায় ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এতে মারধরে বাবা ও ছেলে আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে।
আহত ব্যক্তিরা হলেন মনিরুজ্জামান (৭০) ও তাঁর ছেলে বাদল (৪০)।
বাদল সাংবাদিকদের বলেন, তাঁরা হাজারিবাগের রায়েরবাজার এলাকায় থাকেন। তাঁর দাবি, তাঁদের বাসার সামনে এক চায়ের দোকানদার আছেন। ওই দোকানদার তাঁর মেয়েকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেন। আজকেও মন্তব্য করায় তিনি ওই দোকানদারকে মারধর করেন। পরে ওই দোকানদারসহ এলাকার আরও কয়েকজন যুবক মিলে তাঁর বাসায় ঢুকে তাঁদের মারধর করেন।
জানতে চাইলে হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, চা খাওয়াকে কেন্দ্র করে দোকানদারের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে। দুজনকে আটক করা হয়েছে। তবে ওই দুজনের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।