বাসায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ
চট্টগ্রামে বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম কালঞ্জয় চাকমা (৪৯)। গতকাল মঙ্গলবার রাতে নগরের খুলশী থানার দামপাড়া পুলিশ লাইনসে সরকারি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নগর পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে বাসায় শোয়ার ঘরে ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন পুলিশ সদস্য কালঞ্জয়। তাঁর বাড়ি খাগড়াছড়ির দীঘিনালায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ছয় মাস ধরে স্ত্রীর সঙ্গে এএসআই কালঞ্জয় চাকমার মনোমালিন্য চলে আসছে। দায়িত্ব শেষ করে মঙ্গলবার রাতে বাসায় যান তিনি। এ সময় স্ত্রীর সঙ্গে কালঞ্জয়ের কথা-কাটাকাটি হয়। রাত ১০টার দিকে স্ত্রী তাঁর দুই সন্তানকে নিয়ে খেতে বসেন। এ সময় কালঞ্জয় শোয়ার ঘরের দরজা বন্ধ করে বাতি নিভিয়ে দেন। জোরে টেলিভিশন ছেড়ে দেন। পরে শোয়ার ঘরে থাকা সিলিং ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। কালঞ্জয়ের ষষ্ঠ শ্রেণিপড়ুয়া বড় ছেলে শোয়ার ঘরের জানালা দিয়ে বাবাকে এ অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। পরে তার মা বাসার পাশে গেটে দায়িত্বরত পুলিশ সদস্যদের ডাক দেন। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হন খুলশী থানার পুলিশ সদস্যরা।
ঘটনাস্থলে যাওয়া খুলশী থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন বলেন, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই ধনঞ্জয় চাকমা বাদী হয়ে খুলশী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
ধনঞ্জয় চাকমা বলেন, স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে আত্মহত্যা করেছেন তাঁর ভাই। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার এসআই ইমাম হোসেন বলেন, নিহত কালঞ্জয়ের শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন কালঞ্জয়।