বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার এক কিশোরী
বগুড়া শহরের কলোনি এলাকায় বান্ধবীর বাড়ি থেকে বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৬)। তার বাড়ি বগুড়ার ধুনটে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বান্ধবীর বাসা থেকে নিজের বাড়িতে যাওয়ার জন্য গতকাল শুক্রবার সন্ধ্যায় বনানী বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল ওই কিশোরী। সেখান থেকে এক ইজিবাইকচালক এবং ওই এলাকার এক অটোরিকশা শ্রমিক মেয়েটিকে কৌশলে নিশ্চিন্তপুর মহল্লার একটি বাড়িতে নিয়ে তাদের আরও তিন সহযোগীসহ ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটির চিৎকারে একজন এসে আশ্রয় দেওয়ার নাম করে মেয়েটিকে আরেক দফা ধর্ষণ করে।
ওসি বলেন, কান্নার শব্দ শুনে আজ শনিবার ভোরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শাজাহানপুর থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। এর পর মেয়েটি বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। ধর্ষণের শিকার মেয়েটির স্বীকারোক্তি অনুযায়ী সকালেই ঘটনায় জড়িত ইজিবাইকচালক শহরতলির বেজোড়া মহল্লার রাকিব হোসেন (২৫) ও ঢাকন্তা গ্রামের মিন্টু মিয়াকে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।