বাসায় ফেরার পথে নারী চিকিৎসককে শ্লীলতাহানির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে নারী চিকিৎসককে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক অটোরিকশার চালককে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই চিকিৎসক অটোরিকশায় করে বাসায় ফেরার পথে ষোলশহরের বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে ওই চালককে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার শিকার ওই চিকিৎসক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হাসপাতালে দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার রাতে নগরের পূর্ব নাছিরাবাদ এলাকা থেকে অটোরিকশা করে কুঞ্জছায়া আবাসিক এলাকায় বাসায় ফিরছিলেন তিনি। ষোলশহর ২ নম্বর গেট এলাকায় পৌঁছার পর সেখানে যানজট থাকায় চালক বিকল্প পথে (বন গবেষণাগার সড়ক) তাঁকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলেন। কিন্তু চালক বন গবেষণাগারের ভেতরে ঢুকলেও যে পথে যাওয়ার কথা সে পথে না গিয়ে নির্জন পাহাড় এলাকার দিকে যেতে থাকেন। এ সময় তিনি চিৎকার করলে চালক গাড়ি থামান। একপর্যায়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। তাঁর চিৎকার শুনে বন গবেষণাগারের এক আনসার সদস্য দৌড়ে আসেন। আশপাশের লোকজনও সেখানে জড়ো হন। পরে চালককে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে অটোরিকশার চালকে আসামি করে ওই চিকিৎসক বাদী হয়ে থানায় মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে অটোরিকশার চালক ঘটনা স্বীকার করেছেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে জানান, শ্লীলতাহানির মামলায় চালককে গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকনের আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।