বাসায় বাসায় নামফলক নিয়ে হ-য-ব-র-ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে বাড়ি বাড়ি নম্বর ও নামফলক বসানোর প্রকল্প প্রায় শেষ। তবে দায়িত্বপ্রাপ্ত চারটি বেসরকারি প্রতিষ্ঠান আশানুরূপভাবে নতুন বাড়ি-ফ্ল্যাট ও দোকান শনাক্ত করতে পারেনি। তাই প্রকল্পের মূল উদ্দেশ্য হোল্ডিং কর আদায় বাড়ানোর লক্ষ্য কতটুকু পূরণ হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে বিভিন্ন ভুঁইফোড় সংস্থা নামফলক বসানোর নামে টাকা তুলে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানগুলো বলছে, বাড়ির মালিক ও সিটি করপোরেশনের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর অসহযোগিতা কারণেই আশানুরূপভাবে কাজ এগোয়নি।
ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, যেভাবে কাজ এগোনোর কথা সেভাবে হয়নি। নতুন হোল্ডিং সেভাবে শনাক্ত করতে পারেনি। কিছু গ্রাহক এই নামফলক লাগাতে আগ্রহী হননি। আবার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোও আগ্রহ নিয়ে কাজ করছে না।
বাড়ি ও দোকানের সঠিক সংখ্যা নির্ধারণ করে সেগুলোর জন্য আলাদা নম্বর দিয়ে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে ২০১৪ সালের অক্টোবরে উত্তর সিটি করপোরেশন এলাকায় শুরু হয় নামফলক বসানোর কাজ। চারটি প্রতিষ্ঠান প্রত্যাশা সমাজ উন্নয়ন সংঘ, ডিজিটাল টেক, সুসমাজ ফাউন্ডেশন ও রিক এই কাজ পায়। প্রত্যাশা ডিএনসিসির পাঁচটি অঞ্চলের মধ্যে ১, ২ ও ৩, সুসমাজ ফাউন্ডেশন ও রিক অঞ্চল ৪, ডিজিটাল টেক অঞ্চল ৫-এর নামফলক বসানোর কাজ পায়। প্রতিটি ফলকের জন্য বাড়ি মালিকদের ৩৭০ টাকা করে দিতে হয়।
একটি হোল্ডিং নম্বরের বিপরীতে অনেক ফ্ল্যাট বা দোকান তৈরি হয়েছে। কিন্তু এই ফ্ল্যাট ও দোকানের মালিকানা ভিন্ন। ফ্ল্যাট ও দোকানের আয়তনের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মালিক জমিরও মালিক। কিন্তু একটি হোল্ডিং নম্বরে থাকায় কৌশলে তাঁরা করপোরেশনকে আলাদা রাজস্ব দেওয়ার পরিবর্তে একত্রে দিচ্ছেন। এ জন্য প্রতিটি বাড়ি, ফ্ল্যাট ও দোকানকে আলাদা হোল্ডিং নম্বর দেওয়া এবং সেগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ করে ডেটাবেইস তৈরির জন্য এ প্রকল্প নেওয়া হয়েছিল।
ডিএনসিসির হিসাবে ঢাকা উত্তরে মোট বাড়ির সংখ্যা প্রায় ১ লাখ ৬০ হাজার। দায়িত্বপ্রাপ্ত চারটি প্রতিষ্ঠান এ পর্যন্ত ৫০ হাজারের মতো বাড়িতে নামফলক বসাতে পেরেছে, যার প্রায় সবই সিটি করপোরেশনের তালিকায় আগেই ছিল। ফলে নতুন বাড়ি খোঁজার উদ্যোগ সেভাবে বাস্তবায়িত হয়নি। আর আগের তালিকায় আছে অথচ নামফলক বসানো হয়নি এমন বাড়িগুলোর বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।
ডিএনসিসির একাধিক কর্মকর্তা বলেন, চারটি প্রতিষ্ঠান যে বাড়িগুলোতে নামফলক বসিয়েছে, তার বেশির ভাগই সিটি করপোরেশনের তালিকায় আগেই ছিল। আর আগের তালিকারই এক-তৃতীয়াংশ হোল্ডিংয়ে এখনো নামফলক বসানো হয়নি। নতুন হোল্ডিং সেভাবে শনাক্ত না হওয়ায় প্রকল্পটির আসল উদ্দেশ্যই বাস্তবায়িত হচ্ছে না।
জানতে চাইলে সুসমাজ ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক বখতিয়ার পারভেজ প্রথম আলোকে বলেন, কিছু ভুয়া প্রতিষ্ঠান নামফলক বসানোর নামে টাকা তুলে নিয়েছে। এমন একাধিক প্রতিষ্ঠানের বিষয়ে সিটি করপোরেশনে অভিযোগ জানানো হয়েছে। কাজের ক্ষেত্রে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা পর্যাপ্ত সহযোগিতা দেননি। বাড়ির মালিকদের কাছ থেকেও সেভাবে সাড়া পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।
ডিএনসিসি সূত্রে জানা যায়, ১০ এপ্রিল নামফলক বসানোর প্রকল্পের সার্বিক অবস্থা নিয়ে সভা ঢাকা হয়েছে। সেদিন প্রতিষ্ঠানগুলো তাদের কাজের বর্তমান অবস্থা তুলে ধরবে। তবে ডিএনসিসি এই প্রকল্পের মেয়াদ আর বাড়াবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।