বাসায় লাশ, স্বামীকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে বাসা থেকে এক পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রোকসানা আক্তার (২৭)। রোববার রাত নয়টার দিকে নগরের ইপিজেড থানার ব্যাংক কলোনির একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। রোকসানা নগরের ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নুরুল হুদা প্রথম আলোকে বলেন, রোকসানার স্বামী দেলোয়ার হোসেনও পোশাক কারখানায় কাজ করেন। গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ থেকে তাঁরা দুজন বেড়ানো শেষে গত শুক্রবার ইপিজেড এলাকায় স্ত্রীর বড়ভাইয়ের বাসায় ওঠেন। সেখান থেকে সোমবার সকালে কারখানায় দুজনের কাজে যাওয়ার কথা। তাঁদের কাছ থেকে বিদায় নিয়ে ভাইয়ের স্ত্রী সামিয়া আক্তার পোশাক কারখানায় কাজে চলে যান। সামিয়া রাতে বাসায় ফিরে দেখেন দরজা বাইরে থেকে ছিটকিনি লাগানো। খুলে ভেতরে ঢুকে দেখেন বিছানায় পড়ে আছে তাঁর ননদ রোকসানার লাশ। পরে পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে। বাসাটির আশপাশে থাকা লোকজনও সবাই পোশাকশ্রমিক।

সামিয়া আক্তার প্রথম আলোকে জানান, বিয়ের পর থেকে তাঁর ননদের সঙ্গে স্বামী দেলোয়ারের পারিবারিক কলহ চলে আসছে। তাঁদের আট বছরের একটি সন্তান আছে। সে গ্রামের বাড়িতে থাকে। কলহের জেরে তাঁর ননদকে খুন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মীর নুরুল হুদা বলেন, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন রোকসানার স্বামী দেলোয়ার। তাঁকে আসামি করে থানায় মামলা হয়েছে। নিহত নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধে তাঁকে হত্যা করা হতে পারে।