বাসে অগ্নিসংযোগকারীকে পিটুনি, পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধের মধ্যে রাজধানীর মিরপুরে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় এক যুবককে ধরে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, ওই যুবক জানিয়েছেন তাঁর নাম আঙ্গুর। বয়স ২৫।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিন যুবক টেকনিক্যাল মোড়ে একটি বাসে আগুন দেয়। তখন স্থানীয় লোকজন ধাওয়া করে একজনকে ধরে ফেলেন। তাঁকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন তাঁরা। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন, হেমায়েতপুর থেকে তাঁরা তিনজন ঢাকায় এসেছেন। পলাতক দুজনের নামও বলেছেন তিনি। চিকিৎসা শেষে তাঁকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।
ওসি আরও বলেন, এর আগে টেকনিক্যাল মোড়ে আরেকটি বাসে আগুন দেওয়া হয়েছিল। ওই ঘটনার পর স্থানীয় লোকজন সতর্ক হওয়ায় অগ্নিসংযোগকারীকে ধরা সম্ভব হয়েছে।

পাঁচটি বাসে আগুন
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকাল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত রাজধানীতে পাঁচটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সকাল সাতটার দিকে মিরপুর ১৩ নম্বরে, সকাল আটটার দিকে রায়েরবাগে, বিকেল পাঁচটা ও সাড়ে ছয়টার দিকে টেকনিক্যাল মোড়ে এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি ৩ নম্বরে বাসগুলোতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।