বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবদলের নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ ও হরতাল চলাকালে বাসে আগুন দিয়ে পালানোর সময় রাজধানীতে যুবদলের এক নেতা পুলিশের গুলিতে আহত হয়েছেন। আজ রোববার রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় বলাকা সিনেমা হলের পাশে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবদলের নেতার নাম আবদুর রাজ্জাক। তিনি ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। রাজধানীর আজিমপুরের ছাপড়া মসজিদ এলাকায় থাকেন তিনি। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আমাদের ঢাকা মেডিকেল কলেজ সংবাদদাতা জানান, রাফিন প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালাচ্ছিলেন আবদুর রাজ্জাক। এ সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। তাঁর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। পরে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আনসারুল আবদুর রাজ্জাককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি সেখানে আটকাবস্থায় চিকিৎসাধীন আছেন।