বাসে ইডেন কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে বাসের সুপারভাইজার ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। 

ইডেন কলেজের মাস্টার্সের ওই ছাত্রীর অভিযোগ, গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। ওই দিন বেলা পৌনে তিনটার দিকে তিনি নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্ট থেকে তিনি বাসে ওঠেন। বাসটি ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে পৌঁছালে সেখানে বেশ কিছু যাত্রী নেমে যাওয়ায় যাত্রীর সংখ্যা কমে যায়। তাঁর সিট পেছনের দিকে থাকায় ওই দিকটা খালিই ছিল। তখন সুপারভাইজার তাঁর কাছে এসে তাঁর স্বামী আছেন কি না জানতে চান।
ওই ছাত্রী সাংবাদিকদের বলেন, ‘তাঁর প্রশ্ন থেকে বাঁচার জন্য বিবাহিত না হলেও আমি বলি, আমার স্বামী আছে। তারপরও তিনি স্বামী কী করে, কোথায় যাব, একা কেন—এসব প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে তিনি আমার পাশে বসে যেতে চাইলে আমি দৌড়ে সামনের দিকে চলে যাই।’ এ সময় পেছন থেকে সুপারভাইজার ‘বাজে’ মন্তব্য করতে থাকেন।
ওই ছাত্রী শাহবাগ মোড়ে নেমে তাঁর পরিচিত বন্ধুদের ফোন করে এসব তথ্য জানান। তাঁর বন্ধুরা একুশে এক্সপ্রেসের সোনাপুর জিরো পয়েন্ট কাউন্টারে যোগাযোগ করে সেখান থেকে বাসের নম্বর নেন এবং জানেন সুপারভাইজারের নাম মনির। ঘটনাটি বাসমালিক শামসুদ্দিন ফরহাদের কাছে জানানো হলে তিনি সোমবারের মধ্যে ব্যবস্থা নেবেন বলে জানান।
ছাত্রীর বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিন্টু রঞ্জন দাস প্রথম আলোকে বলেন, বাসমালিক এখন ব্যবস্থা নিতে গড়িমসি করছেন। প্রথমে তিনি জানান, তিনি সুপারভাইজারকে দিয়ে ওই ছাত্রীর কাছে ক্ষমা চাওয়াবেন। পরে সোমবার সকালে বলেন, তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে চাকরিচ্যুত করার প্রমাণ দেখাতে বললে তিনি অপারগতা প্রকাশ করেন। পিন্টু রঞ্জন ও ওই ছাত্রীর অভিযোগ, তাঁদের ধোঁকা দেওয়ার জন্য বাসমালিক এসব কথা বলছেন।
যোগাযোগ করা হলে একুশে এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন ফরহাদ যৌন হয়রানির বিষয়টি স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। এ ঘটনায় ব্যবস্থা নিচ্ছি। ও আর এখানে চাকরি করতে পারবে না।’