বাসে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে নিহত
যশোরের কেশবপুর উপজেলায় বাসে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে আল আমিন (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা প্রথম আলোকে বলেন, হাসপাতালে ভর্তির সময় ওই রোগীর মাথায় গুরুতর আঘাত ছিল। এ ছাড়া গণপিটুনিতে তাঁর শরীরের বিভিন্ন স্থান থেঁতলে যায়। মুমূর্ষু অবস্থায় চিকিৎসা চলার পাঁচ ঘণ্টা পর তিনি মারা যান।
নিহত আল আমিনের বাড়ি কেশবপুরের বেতিখোলা গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর পাঁচটার দিকে একদল ডাকাত কেশবপুরের তালতলায় যশোর-সাতক্ষীরা সড়কে রাস্তায় গাছ ফেলে সৌখিন পরিবহনের একটি বাসে ডাকাতি করে। পরে তারা হানিফ পরিবহনের একটি বাসে উঠলে যাত্রীরা প্রতিরোধ করেন। এ সময় এক ডাকাত বোমা ফাটিয়ে পালিয়ে যায়। বোমার শব্দে এলাকাবাসী একত্র হয়ে ডাকাতদের তাড়া করেন। আরেকটি বোমা ফাটিয়ে পালানোর চেষ্টাকালে এলাকাবাসী আল আমিনকে আটক করেন। বোমার শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আল আমিনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, আল আমিনকে গুরুতর অবস্থায় প্রথমে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটায় তাঁর মৃত্যু হয়।
গত রোববার দিবাগত রাতে ডাকাতেরা ফরিদপুরের মধুখালী উপজেলার আড়ুয়াকান্দি সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তায় গাছ ফেলে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাসে হামলা চালায়। ডাকাতেরা ১০ যাত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে লুটপাট চালায়। এর আগে শনিবার দিবাগত রাতে মধুখালীর রায়পুর ইউনিয়নের ছুকরিকান্দি এলাকায় গাছ ফেলে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়। শুক্রবার দিবাগত রাতে মধুখালী সদর ইউনিয়নের পরীক্ষিতপুর এলাকায় আরেকটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। একই সপ্তাহে একই মহাসড়কের রাজবাড়ী অংশে আরও তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। এসব নিয়ে প্রথম আলোয় গত মঙ্গলবার ‘মহাসড়কে মধ্যরাতে বিভীষিকা’ ও বুধবার ‘মহাসড়কে একের পর এক ডাকাতি: হাইওয়ে পুলিশ প্রশ্নবিদ্ধ’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। অক্টোবর মাসে চুয়াডাঙ্গায় সড়ক-মহাসড়কে গাছ ফেলে একাধিক ডাকাতির ঘটনায় প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়েছে।