বাসে ডাকাতি চালকসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গতকাল মঙ্গলবার সোহাগ পরিবহনের বেনাপোলগামী একটি বাসে ডাকাতি হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও তাঁর সহকারীকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা মধুখালী রেলগেট এলাকায় বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী অবরোধ করেন।
এদিকে বাসের চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তারের প্রতিবাদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব রুটে গতকাল বিকেল চারটা থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগের আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল হক এ কথা জানিয়েছেন।
যাত্রীরা জানান, সোমবার রাত ৯টা ১০ মিনিটে সোহাগ পরিবহনের ওই বাসে ২২ জন যাত্রী ও যাত্রীবেশে সাতজন ডাকাত ছিল। গতকাল ভোর চারটার দিকে ফরিদপুর সদরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় ডাকাতেরা অস্ত্রের মুখে চালক, সুপারভাইজার ও চালকের সহকারীকে জিম্মি করে লুটপাট চালায়। পরে মধুখালীর মাঝকান্দি-পরীক্ষিতপুর এলাকায় আলতু খান জুট মিলরে অদূরে বাস থামিয়ে ডাকাতেরা নেমে যায়। পরে চালক বাসটি মধুখালী রেলগেট এলাকায় এসে পুলিশকে ঘটনা জানান।
যাত্রীরা দাবি করেন, ডাকাতেরা অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে প্রায় চার লাখ টাকা, ৭ হাজার ২০০ মার্কিন ডলার, ২২ হাজার ভারতীয় রুপি, ১৬ ভরি স্বর্ণালংকার ও ২৫টি মুঠোফোন লুট করে নিয়ে যায়।
ওই বাসের কয়েকজন যাত্রী অভিযোগ করেন, বাসের চালকসহ অন্য সদস্যরা ডাকাতি প্রতিরোধের কোনো চেষ্টা করেননি।
মধুখালী থানার ওসি রুহুল আমিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য চালক আয়নাল হোসেন ও তাঁর সহকারী শাকিলকে আটক করা হয়।