বাসে ডাকাতি পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে ধামরাইয়ে মহাসড়কের বাথলি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোরের মোতালেব হোসেন (২০), কুমিল্লার জাফর আলম (২০), যশোরের আবদুল গফুর (২৬), বগুড়ার মো. রবিন (২১) ও লক্ষ্মীপুরের সুমন মিয়া (২২)।
ধামরাই থানা-পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকার গাবতলী থেকে এমপি সাফারি পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১০টার দিকে আমিনবাজার বাসস্ট্যান্ড থেকে বাসটিতে কয়েকজন যাত্রী ওঠেন। তখন যাত্রীবেশে আট ডাকাত ওই বাসে ওঠে। বাসটি সাভার বাসস্ট্যান্ড এলাকা পার হওয়ার পর ডাকাতেরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা যাত্রীদের কাছ থেকে টাকা ও মালপত্র লুট করে এবং বাসটি ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ধামরাই এলাকায় নিয়ে যায়। ধামরাইয়ের বাথলি এলাকায় পৌঁছালে আরেকটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। যাত্রীদের কথা শুনে তাঁরা পাঁচ ডাকাতকে আটক করে পিটুনি দেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
ডাকাতির ঘটনায় গতকাল বৃহস্পতিবার বাসের সুপারভাইজার শাহাদত হোসেন বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেছেন। এদিকে পিটুনিতে আহত আবদুল গফুরকে পুলিশ হেফাজতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, গ্রেপ্তার ডাকাতদের কাছ থেকে অর্থ ও মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।