বাসে ডাকাতির অভিযোগে আরও ৬ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই বাসে উঠে গত ২০ জানুয়ারি ডাকাত দলের কবলে পড়েছিলেন টাঙ্গাইলের আড়াই শ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শফিকুল ইসলাম
ফাইল ছবি

ঢাকা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় বাসে ডাকাতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়। আগামীকাল বুধবার এই ছয়জনকে আদালতে হাজির করা হতে পারে।

ডিবির অতিরিক্ত উপকমিশনার শাহাদত হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন মজিদ, রাসেল, নায়েম, রফিক, আলমগীর ও মহিবুল। গ্রেপ্তার ব্যক্তিরা সাভার, কালিয়াকৈর, মির্জাপুর ও আশুলিয়া এলাকায় বাসে ডাকাতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। আগামীকাল তাঁদের আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

গত ২০ জানুয়ারি টাঙ্গাইলের আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শফিকুল ইসলাম বাসে ডাকাতের কবলে পড়েন। ওই ঘটনায় দুটি থানায় মামলা করতে না পেরে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। সেদিন রাতে কী ঘটেছিল, তার বিস্তারিত বিবরণ সেখানে তুলে ধরেন তিনি।

১০ দিন পরে ওই ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর মঙ্গলবার আরও ছয়জনকে গ্রেপ্তার করা হলো।

এর আগে গত সোমবার গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে বলেন, ঢাকা ও ঢাকার উপকণ্ঠে বাস ডাকাতি হচ্ছে। ডাকাতি নিয়ন্ত্রণে ঢাকা রেঞ্জ ও ঢাকা জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তাঁরা।

আরও পড়ুন