বাসে তিন গুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া গ্রামের রিপন রায়। তিনি গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঢাকায় কেনাকাটা শেষে গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে ওঠেন একটি যাত্রীবাহী বাসে। বিকেল চারটার দিকে পৌঁছান মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে। এর মধ্যে তাঁকে ২০০ টাকা গাড়ি ভাড়া গুনতে হয়। অথচ অন্য সময় এই ভাড়া আদায় করা হতো ৬০ টাকা।
রিপন রায় প্রথম আলোকে বলেন, ভাড়াও গুনতে হয়েছে কয়েক গুণ বেশি। প্রতিবাদ করার কোনো সুযোগ ছিল না। যে যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রতিবাদের চেষ্টা করেছেন, তাঁদের সঙ্গে মালিকপক্ষের লোকজন দুর্ব্যবহার করেছেন। তিনি আরও বলেন, একে তো বেশি ভাড়া, তার ওপর আবার রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থাকতে হয়েছে। তাঁকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। রিপন একা নন। অভিযোগ উঠেছে, ঈদে ঘরমুখো হাজারো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন পরিবহনের মালিক ও চালকেরা।
গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, পোশাক কারখানা ছুটি হওয়ায় গতকাল সকাল থেকেই হাজারো শ্রমিক নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। সকালে বৃষ্টি থাকায় যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা কম ছিল। বেলা ১১টার দিকে বৃষ্টি থেমে যাওয়ার পর ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায়। এই সুযোগে বাসের মালিকেরা যাত্রীদের কাছ থেকে তিন গুণ পর্যন্ত ভাড়া আদায় করেন। অনেক যাত্রীর সঙ্গে বাসের মালিকপক্ষের লোকজন দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া গাবতলী থেকে ঢাকা-আরিচা মহাসড়কের যে স্থানেই যাত্রীরা যান না কেন—তাঁদের কাছ থেকে পাটুরিয়া পর্যন্ত ভাড়া আদায় করা হয়। এতে এই মহাসড়কে চলাচলকারী যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। ঘিওর উপজেলার জাবরা গ্রামের ইকবাল হোসেন বলেন, গাবতলী থেকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড পর্যন্ত ভাড়া ৭০ টাকা। কিন্তু গতকাল তিনিসহ আরও তিনজনের কাছ থেকে ২০০ টাকা করে আদায় করা হয়। আরও অন্তত ১০ জন যাত্রীর সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া মানিকগঞ্জ সদর বাসস্ট্যান্ড থেকে ঘিওর, দৌলতপুর, হরিরামপুরসহ বিভিন্ন উপজেলায় চলাচলকারী বাসেও গতকাল তিন গুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
যাত্রীসেবা পরিবহনের একটি বাসের চালক আয়নাল হোসেন ও নবীনবরণ পরিবহনের আরেকটি বাসের চালক জাফর মিয়া বলেন, যাত্রী নামানোর পর খালি গাড়ি নিয়ে গাবতলী যেতে হয়। এ ছাড়া ঈদের সামনে ভাড়া কিছু তো বেশি নিতেই হয়। এ বিষয়ে মালিকেরও নির্দেশ থাকে।
এ ব্যাপারে কথা বলতে জেলা বাস মালিক সমিতির সভাপতি কাজী এনায়েত হোসেনের মুঠোফোনে রিং করা হলে তিনি তা কেটে দেন। তবে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল সরকার বলেন, ‘গাবতলী থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ বিষয়টি দেখভাল আমাদের এখতিয়ারে নেই।’
একই রকম মন্তব্য করেন সহকারী পুলিশ সুপার (শিবালয় সার্কেল) হারুন-অর রশিদ। তিনি বলেন, অতিরিক্ত ভাড়া নিয়ে থাকলে তা গাবতলী থেকে নেওয়া হচ্ছে। মানিকগঞ্জের কোথাও এই ভাড়া নিয়ে থাকলে ব্যবস্থা নেওয়া যেত।