বাসে দুর্বৃত্তদের আগুনে ঘুমন্ত সহকারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসটি সড়কের পাশে থেমে ছিল। ভেতরে ঘুমাচ্ছিলেন চালকের সহকারী। ভোররাত তিনটার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। দগ্ধ হয়ে ঘুমন্ত সহকারী মারা যান। ছবি: প্রথম আলো
বাসটি সড়কের পাশে থেমে ছিল। ভেতরে ঘুমাচ্ছিলেন চালকের সহকারী। ভোররাত তিনটার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। দগ্ধ হয়ে ঘুমন্ত সহকারী মারা যান। ছবি: প্রথম আলো

আবার বাসে আগুন। আবার মৃত্যু। এবারের ঘটনাস্থল গাজীপুর। রাতের অন্ধকারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন চালকের সহকারী।
আজ ভোররাত তিনটার দিকে কালিয়াকৈর উপজেলার লতিফপুরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তোফাজ্জেল হোসেন (১৮)। আগুনে পুড়ে যাওয়া বাসটির চালকের সহকারী ছিলেন তিনি। তাঁর বাড়ি সুনামগঞ্জ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সড়কের পাশে থেমে থাকা বাসটিতে ভোররাত তিনটার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে তারা পালিয়ে যায়। বাসের ভেতর থেকে এক ব্যক্তির পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুড়ে যাওয়া বাসের চালক সেলিম হোসেনের ভাষ্য, বাসটি কালিয়াকৈর থেকে ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে চলাচলা করত। গতকাল রাত ১১টার দিকে চন্দ্রা এলাকার একটি কারখানার শ্রমিকদের নামিয়ে দিয়ে বাসটি লতিফপুরের বটতলা এলাকায় সড়কের পাশে রাখা হয়। দরজা-জানালা বন্ধ করে বাসের ভেতরে ঘুমিয়ে পড়েন সহকারী তোফাজ্জেল। কাছেই বাসায় চলে যান চালক। ভোররাতে হঠাৎ কাচ ভাঙার শব্দ পাওয়া যায়। ঘর থেকে বাইরে এসে বাসে আগুন জ্বলতে দেখেন চালক। লোকজনকে সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। বাসের ভেতরে ঘুমন্ত অবস্থা দগ্ধ হয়ে মারা যান তোফাজ্জেল। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রংপুরের মিঠাপুকুরে একটি চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই পুড়ে মারা যান এক শিশুসহ চারজন। দগ্ধ হন আরও ১২ জন। তাঁদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। বিভিন্ন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন বাকি ১১ জন।