বাসে পরিত্যক্ত ব্যাগ, বের হলো শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের ভেতরে ট্রাভেল ব্যাগটির মালিক না পেয়ে যাত্রীরা ভেবেছিলেন ‘বোমাটোমা’ হবে হয়তো। এরপর আতঙ্কে হুড়মুড় করে দরজা-জানালা দিয়ে নামা শুরু করেন যাত্রীরা। হইচই দেখে এগিয়ে আসে পুলিশ। পরে ব্যাগটি খুলে পাওয়া গেল পাঁচ-ছয় বছরের এক শিশুর মৃতদেহ।
গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বনানীর কাকলীতে দেশবাংলা পরিবহনের একটি বাসের ভেতরে বড় ব্যাগ থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। বাসটি উত্তরার আবদুল্লাহপুর থেকে মিরপুর-গাবতলী হয়ে সাভারের উদ্দেশে ছেড়ে এসে কাকলী বাসস্ট্যান্ডে দাঁড়ালে বিষয়টি ধরা পড়ে। পুলিশ বাসটি ও এর কর্মীদের আটক করেছে।
বাসকর্মী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বিকেলে আবদুল্লাহপুর থেকে তিনজন নারী ও দুজন পুরুষ সঙ্গে ব্যাগটি নিয়ে সাভার যাওয়ার জন্য ওই বাসে ওঠেন। তাঁরা পেছনের দিকে গিয়ে বসেন। কিন্তু ওই নারী–পুরুষেরা বনানীর কাকলী আসার আগেই নেমে যান। কাকলীতে কয়েকজন যাত্রী পেছনে বসতে গিয়ে ব্যাগটি দেখে ‘এটি কার’ বলে মালিককে খোঁজার চেষ্টা করেন। ব্যাগটি পরিত্যক্ত জানার পরই ‘বোমাতঙ্ক’ পেয়ে বসে যাত্রীদের। এ সময় তাঁরা চিৎকার করে বাস থেকে হুড়মুড় করে নেমে যান। কয়েকজন জানালা দিয়েও লাফিয়ে নামেন। এ দৃশ্য দেখে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা এগিয়ে আসেন। ঘটনা শুনে তাঁরে বাসে উঠে ব্যাগটি পরীক্ষা করেন। এরপর চেইন খুললে তার ভেতরে দুমড়ে–মুচড়ে রাখা শিশুর মৃতদেহটি পাওয়া যায়। পরে রাত আটটার দিকে শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। মর্গ সূত্র জানিয়েছে, ব্যাগে ভরা শিশুটির দেহে কোনো কাপড় ছিল না। শিশুটির গলায় কালো দাগ রয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহাবুব হাসান বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে কাকলী এলাকায় বাসে ট্রাভেল ব্যাগ রেখে এর মালিকেরা নেমে যান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। বাসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত পর্যন্ত শিশুটির পরিচয় মেলেনি।