বাসে পেট্রলবোমা হামলার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ও র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গত সোমবার রাতে দুজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বুড়িরঘর এলাকায় নিহত হয়েছেন শিবির কর্মী মোস্তফা মঞ্জিল (৩৩)। তিনি গাইবান্ধার তুলসীঘাট এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে শিশুসহ আটজনকে হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন যুবলীগের নেতা রফিউল ইসলাম ওরফে রফি ওরফে ছোট তারেক (৪০)। তাঁকে চরমপন্থী দলের সক্রিয় সদস্য বলছে র‍্যাব। আর সাতক্ষীরা শহরে পুলিশের সঙ্গে গুলিবিদ্ধ হয়েছেন শহীদুল ইসলাম (৩৭)। পুলিশ বলছে, তিনি ডাকাত দলের সদস্য। তবে পরিবার জানিয়েছে, তিনি মোটরশ্রমিক।

গাইবান্ধায় শিবির নেতা নিহত: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন সিদ্দিকের ভাষ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাতে পলাশবাড়ীতে যৌথ বাহিনীর সঙ্গে গ্রেপ্তার অভিযান শেষে র‌্যাবের একটি দল গাইবান্ধা ক্যাম্পে ফিরছিল। ভোর পাঁচটার দিকে বুড়িরঘর এলাকায় পৌঁছালে সেখানে পাঁচ থেকে সাতজন দুর্বৃত্তকে অবস্থান করতে দেখে। সন্দেহ হলে র‌্যাব সদস্যরা গাড়ি থামান। এ সময় ওই দুর্বৃত্তরা র‌্যাবের গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে ও গুলি করে। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়তে থাকেন। গোলাগুলির একপর্যায়ে মোস্তফা গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে সাতটি পেট্রলবোমা, দুটি আগ্নেয়াস্ত্র ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। গতকাল সকালে পলাশবাড়ী থানার পুলিশ মোস্তফার লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহত মোস্তফার শরীরে একাধিক গুলি লেগেছে। গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, মোস্তফা শিবিরের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে সদর থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। মোস্তফার বাড়ি সদর উপজেলার মিরপুর গ্রামে।

মোস্তফার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার জন্য গাইবান্ধা জেলা শিবিরের সভাপতি হাসেমুজ্জামানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। মোস্তফার মা মরিয়ম বেগম বলেন, ‘আমার ছেলে ইসলামী আন্দোলন করে, মিছিলের আগে আগে যায়—এটাই তার অপরাধ। এটা তারা সহ্য করতে পারল না। তাই তারা আমার ছেলেকে শেষ করল।’

৬ ফেব্রুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জের সীচা থেকে নাপু পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে তুলসীঘাটে সেটিতে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে আটজন নিহত হওয়ার পাশাপাশি দগ্ধ হন আরও ১৮ জন। ওই ঘটনায় করা মামলায় মোস্তফা মঞ্জিলকে প্রধান আসামি করা হয়।

ঝিনাইদহে নিহত যুবলীগের নেতা: র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত রফিউল সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার নিয়াজ মোহাম্মদ ফয়সালের ভাষ্য অনুযায়ী, বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা রফিউল পার্টিতে ছোট তারেক নামে পরিচিত। সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। রাতেই র‍্যাবের একটি দল তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বের হয়। ভোর চারটার দিকে সদর উপজেলার চুটলিয়া এলাকায় ছোট তারেকের সহযোগীরা তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছোট তারেক গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যায়। ছোট তারেককে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

র‍্যাব কর্মকর্তা নিয়াজ মোহাম্মদের দাবি, বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাবের দুই সদস্য মিলন সাহা ও গোলাম মোস্তফা আহত হন। ঘটনাস্থল থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, ১০টি গুলি, ছয়টি পেট্রলবোমা, দুটি ম্যাগজিন ও বোমা বানানোর কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আজাদ জানান, ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে রফিউলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।

রফিউল সদর উপজেলার বিষয়খালী বাজারসংলগ্ন গুচ্ছগ্রাম আবাসন প্রকল্পের বাসিন্দা আবদুল জলিলের ছেলে। রফিউলের ভগ্নিপতি ও ওই আবাসন প্রকল্পের বাসিন্দা শহিদুল ইসলাম জানান, রফিউল যুবলীগের রাজনীতি করতেন। আগে চরমপন্থী দলের লোকজনের সঙ্গে তাঁর একটা পরিচয় থাকলেও তেমন সক্রিয় রাজনীতি করেননি। ১০ থেকে ১২ বছর আগে সেই যোগাযোগও বিচ্ছিন্ন করেছিলেন।

শহিদুলের অভিযোগ, সোমবার বেলা ১১টার দিকে সরকারি দলের প্রতিপক্ষ একটি গ্রুপের ইন্ধনে র‌্যাব রফিউলকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তাঁকে পিটিয়ে মারার পর ক্রসফায়ারের বিষয়টি সাজানো হয়েছে। রফিউলের পাঁচ বছরের কন্যাসন্তান রয়েছে।

 রফিউলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষরা প্রশাসনকে ব্যবহার করে রফিউলকে ক্রসফায়ারে দিয়েছে।

সাতক্ষীরায় ‘ডাকাত’ গুলিবিদ্ধ: সাতক্ষীরা শহরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত দলের সদস্য’ শহীদুল ইসলাম (৩৭) গুলিবিদ্ধ হয়েছেন।

 সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা (এসআই) কামাল হোসেনের ভাষ্য, সাতক্ষীরা শহরের পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ-পশ্চিম পাশে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এ সংবাদ পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে ওই এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোড়ে ও বোমা ফাটায়। এ সময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। ১০ থেকে ১২ মিনিট গুলি বিনিময়ের পর ডাকাত দল রামচন্দ্রপুর বিল দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দলের সদস্য শহীদুলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একটি দা, ছোরা ও বোমার অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। শহীদুল আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁর নামে বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে।

 সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আজমল হোসেন জানান, শহীদুলের দুই পায়ের হাঁটুতে গুলি লেগেছে।

 গুলিবিদ্ধ শহীদুলের সঙ্গে কথা বলা যায়নি। শহীদুলের বাবা আকবর আলী জানান, তাঁর ছেলে পেশায় একজন মোটরশ্রমিক। তাঁর নামে মিথ্যা অভিযোগে দুই থেকে তিনটি মামলা রয়েছে। এর আগে তাঁকে তিনবার গ্রেপ্তার করা হয়েছিল। তিনি ছেলের সঙ্গে কথা বলে জানান, শহীদুল সোমবার একটি মামলায় আত্মসমর্পণের জন্য আদালতে যাচ্ছিলেন। আদালত ভবনের সামন থেকে বেলা ১১টায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে রাত একটার দিকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে দুই হাঁটুতে গুলি করে।

 (প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও ঝিনাইদহ; গাইবান্ধা প্রতিনিধি)