বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় গ্রেপ্তার ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রলবোমা হামলায় নিহত রহিম বাদশার স্ত্রী নিলুফার বেগমের হাতে গতকাল চেক তুলে দেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক l ছবি: প্রথম আলো
মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রলবোমা হামলায় নিহত রহিম বাদশার স্ত্রী নিলুফার বেগমের হাতে গতকাল চেক তুলে দেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক l ছবি: প্রথম আলো

রংপুরের মিঠাপুকুরে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, তারা (অবরোধকারীরা) যতই সন্ত্রাসী কর্মকাণ্ড করুক না কেন, এবার আর পার পাবে না।
পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় গতকাল পর্যন্ত মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
মিঠাপুকুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার দুপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইজিপি। মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রলবোমা নিক্ষেপে পাঁচজন নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে রংপুর জেলা পুলিশ ওই মতবিনিময় সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) মহাপরিচালক বেনজীর আহমেদ, রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির।
সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদার রহমান, মিঠাপুকুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, জায়গীরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোজাম্মেল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
পুলিশের পক্ষ থেকে নিহত পাঁচজনের স্বজনদের ৫০ হাজার টাকা করে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে ১০ হাজার করে টাকা সহায়তার ঘোষণা দেওয়া হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আবদুল কাদের খান জানান, চিকিৎসাধীন তিনজনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম জানান, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগে করা মামলায় গতকাল পর্যন্ত মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গতকাল মিঠাপুকুরের বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। সবাই জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ওসি জানান, গত বুধবার রাতে গ্রেপ্তার হওয়া প্রধান আসামি শাহীন মিয়ার তথ্যের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওসির দাবি, শাহীন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, মিঠাপুকুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির এনামুল হকের নির্দেশে চলন্ত বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।
মহাসড়কে বিজিবির ক্যাম্প: দিনাজপুর-রংপুর-ঢাকা মহাসড়কের চারটি স্থানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চারটি ক্যাম্প বসানো হয়েছে। নীলফামারীর সৈয়দপুর, রংপুরের মিঠাপুকুর, গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জে এসব ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে আট প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া একটি ভ্রাম্যমাণ টিম হিসেবে দুই প্লাটুন বিজিবির সদস্য রাখা হয়েছে।
গণমাধ্যমে গত বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রংপুর বিজিবির পরিচালক এস এম শামছুম মূহীত।