বাসে পেট্রলবোমা ছোড়ার কথা স্বীকার ছয় শিবির কর্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার করিমপুর ত্রিমোহনী এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালানোর পরপরই জনতা ও পুলিশের হাতে ধরা পড়া শিবিরের ছয় কর্মী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জেলার দুটি ছাত্রসংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের সার্বিক সহযোগিতায় তাঁরা ওই হামলা চালিয়েছিলেন বলে আদালতে স্বীকারোক্তি দেন। পুলিশ গতকাল এ তথ্য জানিয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, শিবিরের ওই ছয় কর্মী হলেন জয়পুরহাট সদরের সগুনা গ্রামের হাসান আলী, মাধবপাড়ার নুর আলম, হিচমি দক্ষিণপাড়া গ্রামের আবদুল্লাহ, আক্কেলপুর উপজেলার ভানুকান্দা গ্রামের সাখোয়াত হোসেন, নওগাঁর বদলগাছী উপজেলার রসুলপুর গ্রামের আবদুল খালেক ও পত্নীতলা উপজেলার চকসাবেত গ্রামের ছানাউর রহমান। সোমবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত জয়পুরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লাহ আল আমিন ভুঁইয়ার আদালতে এই জবানবন্দি নেওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাঁদের রাতেই জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, নাশকতা ঘটাতে পারলে দুটি ছাত্রসংগঠন থেকে জনপ্রতি এক হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হতো। জনতার পুড়িয়ে দেওয়া রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল দুটিও ওই দুই সংগঠনের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছিল।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, ওই ছয়জন সরাসরি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ওই দিন তাঁদের কাছ থেকে চারটি পেট্রলবোমা, তিনটি ককটেল ও একটি হাতুড়ি উদ্ধার করে পুলিশ।
গত রোববার জয়পুরহাট-মোলামগাড়ী রাস্তার করিমপুর ত্রিমোহনীর কাছে বেলা সাড়ে তিনটার দিকে ওই পেট্রলবোমা হামলা চালানো হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে জমিতে পড়ে যায়। এ সময় বাস থেকে নামতে গিয়ে জয়পুরহাট শহরের চিত্রাপাড়ার মিষ্টির প্যাকেট বিক্রেতা উজ্জ্বল কুমার মণ্ডল গুরুতর আহত হন। পরে জেলা হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তিনি মারা যান।