বাসে বেশি ভাড়া আদায় ৫৪টি মামলা, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে বেশি ভাড়া আদায় এবং ভাড়ার তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীতে ৫৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সময় ভ্রাম্যমাণ আদালত এসব যানবাহন থেকে ৬৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন। বিআরটিএর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রোববার তিনটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালান।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স রাখা ও ফিটনেসহীন গাড়ি চালানোর অভিযোগেও কয়েকটি মামলা হয়েছে। সম্প্রতি গ্যাসের দাম বাড়ানোর পর সিএনজিচালিত বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে বিআরটিএ, যা ১ অক্টোবর থেকে কার্যকর হয়।
এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস-মিনিবাসের যাত্রীপ্রতি ভাড়া প্রতি কিলোমিটারে যথাক্রমে ১ টাকা ৭০ পয়সা ও ১ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়। এ ছাড়া সর্বনিম্ন ভাড়া ৭ টাকা ও ৫ টাকা অপরিবর্তিত রাখা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএর মনিটরিং টিম ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম এবং সড়ক নিরাপত্তাবিষয়ক বিশেষ ক্যাম্পেইন পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি বাস-মিনিবাসে ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে আইনগত ব
্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া যাতে কোনোভাবে আদায় না করা হয় তা নিশ্চিত করতে পরিবহনমালিকদের সহযোগিতা চান তিনি।