বাসে ব্যাগে পাওয়া লাশটি অপহৃত শিশু শহীদুলের
রাজধানীর বনানীতে বাসে পরিত্যক্ত ব্যাগে পাওয়া লাশটি শহীদুল ইসলাম ওরফে ইমনের (৬)। গাজীপুরের জয়দেবপুরের মোগলখাল এলাকার বাসার সামনে গত রোববার খেলার সময় শিশুটি নিখোঁজ হয়। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ শনাক্ত করেন স্বজনেরা।
পরিবারের অভিযোগ, শহীদুলকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে শহীদুলদের বাড়িওয়ালার ছেলে শাকিল মোল্লাকে (২০) আটক করেছে পুলিশ।
বনানীর কাকলীতে গত সোমবার বিকেলে আবদুল্লাহপুর-সাভার পথের দেশবাংলা পরিবহনের একটি বাসে পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাতনামা হিসেবে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই বাসের চালক ও তাঁর সহকারীর বরাত দিয়ে বনানী থানার পুলিশ জানায়, সোমবার বিকেলে আবদুল্লাহপুর থেকে ওই ব্যাগ নিয়ে তিনজন নারী ও দুজন পুরুষ বাসে উঠেছিলেন। তাঁরা সাভার যাবেন বলে জানালেও কাকলীতে ব্যাগটি বাসে রেখেই নেমে যান।
গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটির বাবা আফতাব উদ্দিন, চাচা রফিকুল ইসলামসহ কয়েকজন স্বজন মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। এ সময় তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শহীদুল প্রথম শ্রেণিতে পড়ত। তার বাবা গাজীপুরে কাঁচামাল বিক্রি করেন, মা রীনা আক্তার পোশাককর্মী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে শহীদুল ছোট। রোববার সে বাসার সামনে খেলছিল। বিকেল পাঁচটার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রোববার রাতে বাড়িওয়ালার ছেলে শাকিল মোল্লা তাঁদের জানান, এক নারী তাঁকে ফোন করে শহীদুলকে অপহরণের কথা জানিয়ে বলেছেন, দুই লাখ টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। পরদিন সকালে ওই নারী টাকা নিয়ে যাওয়ার স্থান বলবেন বলে জানান শাকিল। কিন্তু সোমবার সকালে কেউ ফোন করেনি। টেলিভিশন ও পত্রিকায় শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে তাঁরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঢাকা মেডিকেলে এসে লাশ দেখেন।
রফিকুল বলেন, ‘আমরা শাকিলকে সন্দেহ করতাছি। আমাদের কাউরে ফোন না কইরা অপহরণকারীরা তাকে ফোন করতে যাবে কেন?’
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, শাকিলকে আটক করে বনানী থানায় পাঠানো হয়েছে। বনানী থানায় এ ব্যাপারে হত্যা মামলা হবে। শাকিল জয়দেবপুরের একটি কলেজের ছাত্র ও মাদকাসক্ত।
বনানী থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান বলেন, শাকিলকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্য ও জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হবে।
শহীদুলের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের নিগুয়ারি গ্রামে। ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে স্বজনেরা গ্রামের বাড়িতে রওনা দেন। গ্রামে লাশ দাফন করা হবে।