বাসে হামলা-ভাঙচুর শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবাজার এলাকা থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাসে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে টেকনিক্যাল মোড়ে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটায় বাসটি বঙ্গবাজার এলাকা থেকে শাহবাগ-সায়েন্স ল্যাবরেটরি-গাবতলী হয়ে ক্যাম্পাসে আসছিল। সায়েন্স ল্যাবরেটরি থেকে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে রাফসান নামের একজন বাসে ওঠে। বাসে উঠেই সে মুঠোফোনে উচ্চ স্বরে গালাগাল করছিল। এ সময় বাসে থাকা শিক্ষার্থীরা তার সঙ্গে কথা বলে জানতে পারেন তিনি সরকারি বাঙলা কলেজের ছাত্র। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁকে চড়-থাপ্পড় দিয়ে নামিয়ে দেন।
এতে রাফসান ক্ষুব্ধ হয়ে মুঠোফোনে তার অনুসারীদের টেকনিক্যাল মোড়ে আসতে বলে। শিক্ষার্থীদের দোতলা বাসটি রাত পৌনে ১০টার দিকে টেকনিক্যাল মোড়ে পৌঁছালে ১০-১৫ জন তরুণ বাসের চালককে মারধর করে এবং ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালায়। এতে বাসের ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইট-পাটকেলের আঘাতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। একপর্যায়ে তারা বাসের দোতলায় উঠে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদ আল আবদুল্লাহর মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে তাঁর মাথা ফেটে যায়। এ সময় শিক্ষার্থীরা মো. মুজাহিদ নামের একজনকে ধরে ফেলেন। সে বাংলা কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানায়। তবে অন্যরা পালিয়ে যায়। বাসের মধ্যে তাকে মারধর করে ক্যাম্পাসে নিয়ে আসা হয়। তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে আশুলিয়া থানা-পুলিশের মাধ্যমে দারুস সালাম থানায় পাঠানো হয়েছে বলে সহকারী প্রক্টর সিকদার মো. জুলকারনাইন জানিয়েছেন।
সহ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, নিরাপত্তার কথা ভেবে গতকাল বুধবার বাসগুলো অন্য পথে চলেছে। তবে দুই-এক দিনের মধ্যেই নিয়মিত পথে বাস যাতায়াত করবে।