
দুর্বৃত্তদের আগুনে ঝলসে যাওয়া যশোরের ট্রাকচালক মুরাদ হোসেনের (২০) মৃত্যুর ২৪ ঘণ্টাও পার হয়নি। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ওই দিন রাতেই গাইবান্ধায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোড়ে। এ সময় প্রাণ বাঁচাতে জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়েন এক যাত্রী। কিন্তু তাতে রক্ষা পাননি। সে সময়ই এক ট্রাকের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের কালীতলা এলাকায় যাত্রীবাহী বাসে এই হামলা চালানো হয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে আদালত ভবন থেকে উদ্ধার করা হয়েছে চারটি ককটেল। গতকাল সোমবার ছিল অবরোধ কর্মসূচির সপ্তম দিন।
গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকাসহ ১৬ জেলায় বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় আগুন দেওয়া হয়েছে ২৮টি যানবাহনে। ভাঙচুর করা হয়েছে আরও অন্তত ৭২টি। আটক করা হয়েছে ১৫৭ জনকে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে টানা অবরোধ চলছে ৬ জানুয়ারি থেকে। তবে সংঘাতের শুরু ৪ জানুয়ারি। এই দিনটি থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত নয় দিনে সংঘর্ষ-সহিংসতায় নিহত হয়েছেন ১৩ জন। আহত তিন শতাধিক। এ কয় দিনে আগুন দেওয়া হয় ১৩৪টি যানবাহনে। ভাঙচুর করা হয় অন্তত ১৯৪টি। ঢাকা মহানগরে অগ্নিসংযোগ করা হয় ২১টিতে।
ঢাকার বাইরের পরিস্থিতি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস। সাড়ে ১২টার দিকে বাসটি ঢাকা-রংপুর মহাসড়কের কালীতলা এলাকায় পৌঁছালে দুষ্কৃতকারীরা বাসটিতে পেট্রলবোমা নিক্ষেপ করে। বোমায় আসাদুল মিয়া (৩০) নামের এক যাত্রীর শরীরে আগুন ধরে যায়। এ দৃশ্য দেখে আতঙ্কে যাত্রী পারভেজ মিয়াসহ (২৫) কয়েকজন জানালা দিয়ে মহাসড়কে লাফিয়ে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাক পারভেজকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত পারভেজের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে। বাসটিতে ২০-২৫ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে একজন দগ্ধ ও আরও দুজন আহত হন।
বোমা হামলার পর ওই বাসের শ্রমিকেরাই বালু ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দগ্ধ আসাদুল ও আহত অন্য যাত্রীদের উদ্ধার করেন। দগ্ধ যাত্রী আসাদুলকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসাদুলের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। আহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ মিয়া গতকাল একটি মামলা করেন। ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই শাহিনুর রহমান নামের বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নাশকতার আশঙ্কায় জেলা থেকে ছাত্রশিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সবরিতলা এলাকায় গতকাল সন্ধ্যায় একটি ট্রাক ভাঙচুর ও একটি ট্রাকে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। এ ছাড়া গাইবান্ধা থেকে তেলের চারটি ট্যাংকলরি সিরাজগঞ্জের বাঘাবাড়ী যাওয়ার পথে বগুড়ার শাজাহানপুর এলাকায় ভাঙচুর করা হয়।
কুষ্টিয়ায় রোববার মধ্যরাতে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে লক্ষ্মীপুর ১১ মাইল এলাকায় একটি প্রাইভেট কার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে দুটি ট্রাক ভাঙচুর করা হয়। জড়িত সন্দেহে বিএনপির চার কর্মীকে আটক করেছে পুলিশ।
চাঁদপুর শহরে গতকাল সকালে একটি অটোরিকশায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে অবরোধকারীরা। চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষেরহাট, দেবপুর, কুমারডুগী এলাকায় পাঁচ-ছয়টি যানবাহন ভাঙচুর করে তারা। আট পিকেটারকে আটক করেছে পুলিশ।
রাজশাহীর পবার নওহাটা এলাকায় গতকাল একটি আলুবোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে। নগরের শাহ মখদুম থানার এসআই শাজাহান সিরাজ বলেন, অবরোধকারীরা ঝটিকা মিছিল বের করে ট্রাকটি থামিয়ে তাতে আগুন দেয়।
গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদের কিশোরগঞ্জ শহরের বাসায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় গতকাল মামলা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।
কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকায় সরকারি খাদ্যগুদামের সামনে থাকা একটি ট্রাকে রোববার রাতে আগুন দেয় অবরোধ-সমর্থকেরা। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে।
চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের তৃতীয় তলা থেকে গতকাল দুপুরে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম বলেন, তৃতীয় তলার সিঁড়ির কাছে ককটেলগুলো দেখতে পান আদালতের কর্মচারীরা। পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। ঘটনার পর আদালত চত্বরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর আগে শনিবার মুখ্য বিচারিক হাকিম মোস্তাকিনুর রহমান এবং জেলা ও দায়রা জজ কবিতা খানমের বাসভবনে ককটেল ছুড়ে মেরেছিল দুর্বৃত্তরা।
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় পুলিশের সামনেই গতকাল সন্ধ্যায় কাগজবাহী একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। দুপুরে সাতকানিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আন্ধারমার দরগা এলাকায় একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান ভাঙচুর করা হয়। এর পাঁচ মিনিট আগেই বিজিবি ও পুলিশের পাহারায় কক্সবাজার থেকে আসা দুটি বিলাসবহুল বাস এ স্থান পার হয়। রোববার রাতে এ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় জামায়াতের পাঁচ কর্মীকে।
কুড়িগ্রামের চিলমারী ও ফুলবাড়ী উপজেলায় গতকাল দুপুরে সড়কে টায়ার জ্বেলে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে অবরোধ-সমর্থকেরা। ফুলবাড়ীতে নারু গোপাল নামের স্বাস্থ্য বিভাগের এক কর্মচারীকে ব্যাপক মারধর করা হয়। ফুলবাড়ীতে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৭ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
নোয়াখালী শহরের দত্তেরহাটসহ জেলার বিভিন্ন স্থানে গতকাল একটি অটোরিকশায় আগুন দিয়েছে ও ১৫টি গাড়ি ভাঙচুর করেছে পিকেটাররা। পুলিশ একজনকে আটক করেছে। সন্ধ্যায় শহরের পৌর বাজার, নতুন বাসস্ট্যান্ড ও মাইজদী বাজার এলাকায় কয়েকটি ককটেল ফাটানো হয়।
পাবনার ঈশ্বরদীতে চলন্ত পিকআপে অবরোধ-সমর্থকদের ছোড়া ঢিলে জহির উদ্দিন নামের একজন ব্যবসায়ী আহত হয়েছেন। রোববার রাতে নওদাপাড়ার সড়কে এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সকালে একটি মাইক্রোবাসে আগুন দেওয়া হয়েছে। এ সময় চালক ও আরেকজন আরোহী আহত হন। তাঁদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় গতকাল বিকেলে একটি ট্রাক ভাঙচুর করে তাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় রোববার রাতে বিএনপি-জামায়াতের ২৯ নেতা-কর্মীসহ ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লক্ষ্মীপুরে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে বিএনপি-জামায়াতের ২৭ কর্মী-সমর্থককে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, ভৈরব এবং চট্টগ্রাম, নোয়াখালী, কুড়িগ্রাম ও কুষ্টিয়া অফিস; গাইবান্ধা, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ ও সাতকানিয়া (চট্টগ্রাম), ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি}