বাসের চাকায় পিষে ট্রাকের চালককে হত্যা?
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে গোলাম কিবরিয়া নামের একজন ট্রাকচালক নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, একটি পিকনিকের বাসের সঙ্গে তাঁর ট্রাকের সংঘর্ষের জেরে মারধর করে কিবরিয়াকে ওই বাসের চাকার নিচে ফেলে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাতলামারি-দৌলতপুর সড়কের কাতলামারি রাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কিবরিয়ার (২৮) বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাতলামারি-দৌলতপুর সড়কের রাজপাড়া এলাকায় পিকনিকের ওই বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনার প্রতিবাদে কিবরিয়া ট্রাক থেকে নেমে আসেন। এ সময় বাসের চালকের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পিকনিকের লোকজন তাঁকে টেনেহিঁচড়ে বাসের ভেতরে নিয়ে ব্যাপক মারধর করেন। পরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে তাঁকে নিচে ফেলে দেন। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে কিবরিয়ার মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি জালাল উদ্দীন প্রথম আলোকে বলেন, ট্রাকচালকের মাথা সম্পূর্ণ থেঁতলে গেছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা, এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।