বাসের চালককে মারধর করায় সড়ক অবরোধ
গোপালগঞ্জে একটি লোকাল বাসের চালককে মারধর করার প্রতিবাদে এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন বাসশ্রমিকেরা। গতকাল মঙ্গলবার শহরের পুলিশ লাইনস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার বাসচালক আরিফুল ইসলাম মোল্লা বলেন, ‘আমি শাহীন এন্টারপ্রাইজের একটি বাসে যাত্রী নিয়ে টেকেরহাট থেকে গোপালগঞ্জ আসছিলাম। বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার কংশুর এলাকায় বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জ আদালতের এক বিচারকের সরকারি প্রাইভেট কারটি অতিক্রম করছিল। কিন্তু যথাযথভাবে জায়গা দেওয়া হয়নি অভিযোগ তুলে প্রাইভেট কারের চালক ধাওয়া করে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উলপুর এলাকায় আমার বাসটির গতিরোধ করে। এরপর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য মাহবুব আলম আমাকে লাঠি দিয়ে পেটান।’
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, চালককে মারধরের খবর গোপালগঞ্জ পরিবহন শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে বেলা ১১টার দিকে পরিবহন শ্রমিকেরা ঢাকা-খুলনা মহাসড়কের পুলিশ লাইনস মোড়ে সড়কের ওপর বাস আড়াআড়ি করে রেখে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। সদর থানার পুলিশ গিয়ে বুঝিয়ে শ্রমিকদের শান্ত করেন। দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা বলেন, বিচারকের গাড়িকে জায়গা না দেওয়ায় সেই গাড়িটি খাদে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল।