ব্রাহ্মণবাড়িয়া-সিলেট মহাসড়কে যাত্রীবাহী স্থানীয় (লোকাল) বাস-সংকট চরম আকার ধারণ করেছে। আবার যেগুলো আছে, তার অধিকাংশই লক্কড়-ঝক্কড়। ফলে যাতায়াতে ভোগান্তিতে পড়ছে পাঁচটি উপজেলার মানুষ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আদালতের নির্দেশে এক বছর আগে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করে দেয় সরকার। এরপর থেকে ব্রাহ্মণবাড়িয়া-সিলেট মহাসড়কের আশুগঞ্জ-সরাইল-বিজয়নগর অংশের ৩৫ কিলোমিটার চলাচলে ভোগান্তিতে পড়েছে লোকজন। জেলার আশুগঞ্জ, সরাইল, সদর, বিজয়নগর ও নাসিরনগর উপজেলার কয়েক লাখ মানুষের কাছে সড়কটি গুরুত্বপূর্ণ। এ সড়কে যাত্রীবাহী যানবাহনের সংকটের পরিপ্রেক্ষিতে নছিমন, করিমন, ভটভটিসহ বিভিন্ন অবৈধ যান একাধিকবার চালু করার চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রতিবারই এগুলো জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের বাধায় পড়ে। উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনাও ঘটেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিজয়নগর উপজেলার সাতবর্গ থেকে সরাইলের কুট্টাপাড়া মোড় ও বিশ্বরোড মোড় হয়ে আশুগঞ্জ গোল চত্বর পর্যন্ত মহাসড়কে অন্তত ২৫টি বাসস্ট্যান্ড রয়েছে। প্রতিটি স্ট্যান্ডেই শিশু, নারীসহ বহু যাত্রীকে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। বাধ্য হয়ে অনেকে লক্কড়-ঝক্কড় বাসের ভেতরে গাদাগাদি করে, এমনকি ছাদেও উঠে পড়ে।
বিজয়নগর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী হারিসুর রহমান বলেন, ‘আমরা সবাই জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কাছে জিম্মি হয়ে পড়েছি। আমাদের এলাকার হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াতের সময় পরিবহনের অভাবে বিড়ম্বনায় পড়ে। এখানে ভালো কোনো বাস নেই। আবার তারা বিকল্প কোনো পরিবহনও সড়কে নামতে দিচ্ছে না।’
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. অহিদ মিয়া বলেন, ‘বাস কোনো দিন পুরোনো হয় না। বডি নষ্ট হলে মেরামত করে নিই। আর ইঞ্জিন নষ্ট হলে পরিবর্তন করি। তাতে বাস নতুন হয়ে যায়।’
মালিক সমিতির দাবি, জেলায় যাত্রীবাহী বাসের কোনো সংকট নেই। জেলার চারটি অভ্যন্তরীণ পথেযাত্রীবাহী বাস রয়েছে ২৯১টি। এর মধ্যে প্রতিদিন ১৮০টি বাস চলাচল করে থাকে।
তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক জি এম নাদির হোসেন বলেন, জেলায় বিআরটিএর মাধ্যমে নিবন্ধিত ও চলাচলের অনুমতিপ্রাপ্ত (রুট পারমিট) বিভিন্ন ধরনের মাত্র ১৮৩টি বাস রয়েছে। এগুলোর অধিকাংশই লক্কড়-ঝক্কড়, এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি হাইওয়ে পুলিশের তদারক করার কথা। তা ছাড়া প্রতি মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বলেন, সরাইল বিশ্বরোড-আশুগঞ্জ ও সরাইল বিশ্বরোড-মাধবপুর সড়কের পাশ দিয়ে আলাদা রাস্তা তৈরি করতে হবে। সেখানে চলবে ধীরগতির যান। সেটা হলে এলাকাবাসীর দুর্ভোগ কমবে। মহাসড়কে দুর্ঘটনাও হ্রাস পাবে।