বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম চলতে বাধা নেই। গতকাল সোমবার এ-সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন নিষ্পত্তি করে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল এ আদেশ দেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।
পরে মামুন মাহবুব প্রথম আলোকে বলেন, প্রায় দুই কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২১ নভেম্বর রমনা থানায় বাহাউদ্দিন নাছিম ও তাঁর স্ত্রী সুলতানা শামীমা চৌধুরীর বিরুদ্ধে এ মামলাটি করে দুদক। জামিন না নিয়ে বা আত্মসমর্পণ না করে তিনি ২০০৮ সালে ওই মামলার এফআইআর চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১৩ এপ্রিল হাইকোর্ট মামলার এফআইআর বাতিল করে রায় দেন।
দুদকের আইনজীবী বলেন, ২০১২ সালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করে দুদক। গতকাল ওই লিভ টু আপিল নিষ্পত্তি করে হাইকোর্টের রায় বাতিল করে দেন আপিল বিভাগ। এর ফলে মামলাটির কার্যক্রম চলতে আইনি কোনো বাধা থাকল না।